উপদেষ্টাদের সঙ্গে ৪ দলীয় জোটের বৈঠক মঙ্গলবার
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে উপদেষ্টা পরিষদের ডাকে সাড়া দিয়ে চার দলীয় জোট মঙ্গলবার উপদেষ্টাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রতিনিধিরা মঙ্গলবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন।
বিএনপির দফতর সম্পাদক নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, প্রথমে সকাল ১১টায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা পরিবর্তন করে রাত আটটায় নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগসহ ১১ দফা দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে সোমবার উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন।
উপদেষ্টাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পদক্ষেপের অংশ হিসেবে মঙ্গলবার তারা চার দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
