২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল-সমাবেশের নগরী ছিল রাজশাহী

লাগাতার অবরোধের দ্বিতীয় দিন রাজশাহীর রাজপথ ছিল সরগরম। নগরী ও জেলার সর্বত্র দিনভর ১৪ দলের নেতা ও কর্মীরা মিছিল ও সমাবেশ করে। অবরোধ চলাকালে কোন স্থানেই কোন অপ্রীতিকর কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তবে সেনাবাহিনীর রাস্তায় নামার গুজবে ১৪ দলের নেতা ও কর্মীদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই নগরীর প্রায় শতাধিক পয়েন্ট থেকে বিরোধী দলের নেতা ও কর্মীরা মিছিল নিয়ে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে জমায়েত হয়। এরপর ১৪ দল ও এর অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা দফায় দফায় মিছিল করে। মিছিলগুলো নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এদিকে, অবরোধের কারণে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকায় রাজশাহীর সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাস্তায় কিছুসংখ্যক মিশুক ও মোটর সাইকেল চলাচল করলেও ট্রাক, বাস, মিনিবাস ও প্রাইভেট কারসহ কোন ভারী যানবাহন এবং মাল পরিবহনের জন্য কোন যান্ত্রিক যান চলাচল করেনি। সোনা মসজিদ স্থল বন্দরের মাল খালাসও ছিল বন্ধ। নগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস বা পরীক্ষা হয়নি। বেসরকারি ব্যাংকগুলোতে লেন-দেন হলেও তা নিতান্তই নগণ্য। এ সময় ব্যাংকের প্রধান ফটকগুলোতে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। র‌্যাবের টহলও ছিল অব্যাহত।

বেলা ১১ টার সময় সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতা ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহানগর সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের মহানগর সহ সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন, নওসের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ন্যাপের জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদের নগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, জেলা সম্পাদক জুলফিকার মান্নান জামি, স্বাধীনতা চিকিৎসা পরিষদের নেতা ডা. সৈয়দ সাফিকুল আলমসহ ১৪ দল ও এর অঙ্গ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে ফজলে হোসেন বাদশা সেনাবাহিনীর সদস্যদের প্রতি ইঙ্গিত করে বলেন, “সেনাবাহিনীর সদস্যরা মঙ্গল গ্রহ থেকে আসেননি। তারাও আমাদের দেশের সন্তান। তাই সেনাবাহিনীর কথা বলে নির্যাতনের কোন ভয় দেখিয়ে লাভ নেই।” তিনি আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা আমাদের ভাইয়ের মতো। দেশের এ সন্ধিক্ষণে গণতন্ত্রের পক্ষেই তাদের ভূমিকা থাকবে বলে তিনি মনে করেন।”

এ প্রসঙ্গে বাদশা আরও বলেন, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সময়ও দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা স্বৈরাচারের পক্ষ নেয়নি। সে সময় সেনাবাহিনীর সদস্যরা গণতন্ত্রকামী সাধারণ মানুষের পক্ষেই অবস্থান নিয়েছিলেন। তাই সেনাবাহিনীকে কোন দল বা জোট যদি নিজেদের সম্পদ বলে মনে করে তাহলে তারা চরম বোকামির পরিচয় দেবে বলে বাদশা মন্তব্য করেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন চারদলীয় জোটের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “কাঁচের ঘরে বসে আমাদের দিকে ঢিল মারবেন না। এর পরিণাম ভয়াবহ হবে।” তিনি আরও বলেন, ‘৭৫ এর পরবর্তী সময়ে দেশের সংবিধানকে সাম্প্রদায়িক সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এর ফলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যান্য মানুষ দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। ১৪ দলীয় জোট এবার ক্ষমতায় এলে আবারও ‘৭২-এর সংবিধানে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, জেনারেল এরশাদ গণধিকৃত হয়ে ক্ষমতা ছেড়েছিলেন। স্বৈরাচারী এরশাদের ক্ষমতা ধরে রাখার জন্য তখন দেশপ্রেমিক সেনাবাহিনী তার পক্ষে দাঁড়ায়নি। এখনও সেনাবাহিনীর সদস্যরা দেশের গরীব ও মুক্তিকামী মানুষের জন্য গণতন্ত্রের পক্ষেই অবস্থান নেবে। তিনি আরও বলেন, জোট সরকারের প্রধানমন্ত্রী, তার পরিবারের নিকটাত্মীয়, সন্তান, মন্ত্রী পরিষদের সদস্য, সাংসদ ও জামায়াত-বিএনপির নেতারা গত ৫ বছরে দেশের ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আগামিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সম্পদ লুন্ঠনের অভিযোগে লুটেরাদের প্রচলিত আইনে বিচার করা হবে।

এ ছাড়া রাজশাহীর গোদাগাড়ী, বাঘা, চারঘাটসহ প্রত্যেকটি উপজেলাতেই ১৪ দলের নেতা ও কর্মীরা সড়ক অবরোধসহ মিছিল ও সমাবেশ করেছে।

অপরদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আড়ানিতে আটকে দেয় ১৪ দলের পিকেটাররা। এ ছাড়া আব্দুলপুর রেলস্টেশনে বিক্ষুদ্ধ পিকেটাররা রেল লাইনের উপর শুয়ে পড়ে ট্রেন চলাচলে বাধা দেয়।