২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তপ্ত ঢাকায় একজন অবরোধ সমর্থক নিহত, আহত ৬০

অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে কোনরকম প্ররোচনা ছাড়াই অবরোধকারীদের ওপর পুলিশ গাড়ি তুলে দিলে ঘটনাস্থলেই একজন অবরোধ সমর্থক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ ঘটনায় অবরোধকারী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুলিশ ইচ্ছা করেই ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে তাদের কর্মীকে হত্যা করেছে এবং পরিস্থিতি উত্তপ্ত করে সেনাবাহিনী মোতায়েনের পাঁয়তারা চালাচ্ছে। পুলিশ এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।

আহতদের মধ্যে সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল মাথায় আঘাত পেয়েছেন। তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিবেদক কৈলাস সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের লাশ দেখতে পেয়েছেন, তার আনুমানিক বয়স ৪০ বছর।

তেজগাঁও থানা আওয়ামী লীগ নেতা শামীম হাসান জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম ওয়াজিউল¬াহ। তিনি ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ২ নং ইউনিটের প্রচার সম্পাদক ছিলেন। থাকতেন তেজগাঁও বিজি প্রেস এলাকায়। ছাত্রলীগ তেজগাঁও থানা শাখার সভাপতি জসিমউদ্দিনও একই তথ্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে অবরোধকারীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় এবং রাস্তায় শুয়ে ব্যারিকেড দেয়। পাশাপাশি ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করে গান-বাজনারও আয়োজন করে।

অবরোধকারীরা জানান, এসময়ে তেজগাঁ এলাকার ডিসি কোহিনুর মিঞা, এসি গিয়াস উদ্দিন রিমন, ওসি কামরুল ইসলাম এবং রমনা থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে কয়েক’শ পুলিশ ঝাঁপিয়ে পড়ে অবরোধকারীদের উপর।

পুলিশ এসময় জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করে এবং শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। একই সঙ্গে অবরোধকারীদের ওপর চালিয়ে দেওয়া হয় দ্রুতগামী একটি পুলিশ ভ্যান। উত্তর দিক থেকে আসা এই পুলিশ ভ্যানটি দ্রুত গতিতে চলে যায় দক্ষিণ দিকে। এসময় একজন ঘটনাস্থলেই মারা যান, আহত হন বেশ কয়েকজন।

অবরোধকারীরা এসময় গাড়িটিকে ধাওয়া করেও ধরতে না পেরে পুলিশের অপেক্ষমান অপর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, বেশ কয়েকটি যানবাহন এবং বিটিএমসি ভবন ভাঙচুর করে। যত্র-তত্র আগুন ধরিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করে। পুলিশ অবশ্য এসময় কাউকে কোথাও দাঁড়াতে দেয়নি।

১৪ দলের মঞ্চের বাউল গায়ক দেলওয়ার হোসেন বয়াতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি যখন গান শুরু করার প্রস্তুতি নিচ্ছি, তখনই পুলিশ মঞ্চের ওপর অবস্থানকারীদের উপর কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করে। এসময়ে আমরা দ্রুত নিরাপদ আশ্রয়স্থলের জন্য দৌঁড়াতে শুরু করি।”

দেলওয়ার জানান, এসময় হঠাৎ করে অবরোধকারীদের ওপর পুলিশ ভ্যান উঠিয়ে দিয়ে গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন যে, তিনি জানেন না এটা কোন পুলিশ ভ্যান, তবে ভ্যান চালিয়ে যাওয়ার পর জনতা পালিয়ে গেলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সোনারগাঁয়ের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবী করলেও এ সময়ে উপস্থিত অবরোধকারীরা দুইজন কর্মী নিহত হয়েছেন বলে দাবী করেছেন।

বিটিএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ভবনটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারা ইট-পাটকেল বৃষ্টির মতো এসে পড়ছিল। অল্পের জন্য ভবনের কর্মকর্তা-কর্মচারীরা প্রাণে বেঁেচ গেছেন।

বেলা বারোটার একটু আগে সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিলে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কিত হয়ে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে গিয়ে অনেকেই আহত হন। মুহূর্তেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়।

ডিসি রমনা জোন আওরঙ্গজেব মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, সমাবেশ নিষিদ্ধ করার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশ থাকার পরও সমাবেশ করায় এধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

কারওয়ানবাজার ছাড়াও অবরোধ কর্মসুচীর দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

এদিকে অনির্দিষ্টকাল অবরোধের দ্বিতীয় দিনেও রাজপথ রিকশার দখলে ছিল। সোমবার সকালে মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলিস্তান, টিকাটুলি ও মহাখালী এলাকায় সিএনজি অটোরিকশা ও মিশুক চলেছে। তবে খুব কমসংখ্যক বাস ও অন্য নগর পরিবহণ রাস্তায় নেমেছে বলে অফিসযাত্রীরা টানা দ্বিতীয় দিনের মত সীমাহীন দুর্ভোগের শিকার হয়।

বেলা পৌণে এগারোটার দিকে মিরপুর ১০ নম্বরে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করে। এ সময় কিছু কর্মী একটি বাসকে লক্ষ্য করে ঢিল ছুঁড়লে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

সোমবার সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে দুই একটি দূরপাল্লার বাস ছেড়ে গেলেও পরে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রোববারের মত সোমবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান এলাকার দখল নিয়ে নেয় ১৪ দল। কোনো ধরনের সংঘাত ছাড়াই এসময় অবরোধের সমর্থনে গান আর শ্লোগান চলছিল।

রাসেল স্কোয়ারে সকাল থেকেই একজন দুজন করে অবরোধের সমর্থক নেতা-কর্মীরা আসতে শুরু করে। বেলা এগারোটায় রাসেল স্কোয়ার পুরোপুরি আওয়ামী লীগের দখলে চলে যায়। রাসেল স্কোয়ারের অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, রহমত আলী ও ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ধানমন্ডি ২৭ নম্বর সড়কের কাছে মিরপুর রোডের ওপর আওয়ামী যুব মহিলা লীগ নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে ১২টার দিকে জনসভা করেছে।

এদিকে ঢাকা-আরিচা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরুদ্ধ ছিল দ্বিতীয় দিনের মতো। কোথাও কোন যানবাহন চলাচল করেনি। এসব মহাসড়কও ছিল রিকশার দখলে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকেও বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ ও ১৪ দলের ডাকে রোববার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকাল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।