২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অবশ্যই যাবে বিএনপি। তারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চান এবং তা হতে হবে সংবিধানসম্মত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের একথা জানান।

বৈঠক সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রধান নির্বাচন কমিশনার ও আগামী নির্বাচনের বিষয়টিই বৈঠকে প্রাধান্য পেয়েছে।

সোমবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার বনানীর কার্যালয় হাওয়া ভবনে প্রায় দুই ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থায়ী কমিটির দশ সদস্যের মধ্যে আটজনই উপস্থিত ছিলেন।

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য উপদেষ্টা পরিষদের যে কমিটি গঠন করেছেন তা নিয়ে আলোচনা হয়। উপদেষ্টাদের সঙ্গে জোটগতভাবে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত কয়েকদিনের ১৪ দলের ডাকা অবরোধ কর্মসূচিতে হত্যা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এ ছাড়া দেশের অর্থনীতি ধ্বংসের জন্য উদ্বেগ প্রকাশ করে বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মাহবুব উদ্দিন, কে এম ওবায়দুর রহমান প্রমুখ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিলো।

পরে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া সাংবাদিকদের জানান, “উপদেষ্টাদের নিয়ে গঠিত চার সদস্যের কমিটি আমাদেরকে আলোচনায় ডেকেছে। আমরা অবশ্যই আলোচনায় যোগ দেবো এবং আমরাও আলোচনার মাধ্যমে এবং সংবিধানসম্মত উপায়ে সমস্যার সমাধান চাই।”

এদিকে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া জামায়াতে ইসলামীর মহাসচিব আলি আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে পৃথক একটি বৈঠক করেন।