২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণরোষ’ এড়াতে দাবি মেনে নেওয়ার আহ্বান

‘গণরোষ’ এড়াতে ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন ও পেশাজীবী সমন্বয় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানায়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত সমাবেশ বক্তারা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজকে অপসারণ ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় গণরোষ থেকে পরিত্রাণ পাবেন না।”

সমাবেশে বক্তারা প্রশাসনকে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ করার স্বার্থে বিএনপি-জামায়াত জোটের নিয়োগ করা সব স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যাহার ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যেসব যোগ্য কর্মকর্তাদের ওএসডি করা হয়েছে তাদের পদায়ণের ব্যবস্থা নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করে তারা বলেন, “বিএনপি-জামায়াত জোটের রেখে যাওয়া নীল নক্সার নির্বাচন এদেশের মানুষ কখনও বরদাস্ত করবে না।”

ডা. জামাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, ড. কাজী ফারুক আহম্মেদ, নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ডা. কামরুল হাসান খান, গোলাম কুদ্দুছ, ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

শেষে সাংস্কৃতিক জোটের নেতা মাহমুদ সেলিমের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করে উদীচী, ক্রান্তি, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সাংস্কৃতিক ঐক্যজোট, শিশু সংগঠন ঐক্যজোট এবং গণসাংস্কৃতিক মঞ্চ।

এ ছাড়া দেশের বিশিষ্ট কবি ও আবৃত্তিকাররা আবৃত্তি করেন।

মঙ্গলবার সকালে আবার সমাবেশ, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।