কেন উদ্বিগ্ন হব, কেন বঙ্গভবনে যাব? সিইসি
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে দেশব্যাপী অচলাবস্থার সৃষ্টি হলেও তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ।
সোমবার নিজের দপ্তর থেকে বাসায় ফেরার সময় সিইসি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “নির্বাচন যথাসময়েই হবে।”
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কিনা সে প্রশ্নের জবাবে সিইসি পাল্টা প্রশ্ন রেখে বলেন, “কেন উদ্বিগ্ন হব?”
সোমবার সারাদিনই সিইসির বঙ্গভবনে যাওয়া ও পদত্যাগ সংক্রান্ত গুজব ছিল। নির্বাচন কমিশনের গাড়ি বারান্দায় বিকেল ৫টা ৫ মিনিটে সিইসি এ বিষয়ে আবারও পাল্টা প্রশ্ন করেন, “বঙ্গভবনে কেন যাব?”
এর আগে তিন নির্বাচন কমিশনারের একজন বিচারপতি মাহফুজুর রহমানকে কেমন লাগছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “ভাল লাগছে, মাশাল্লাহ।’’
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারও সাংবাদিকদের জানান, তিনি কমিশনের মধ্যে কোনো উদ্বেগ লক্ষ্য করছেন না।
তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচনের তফসিল দেওয়া হবে। ভোটার তালিকা মূদ্রণের কাজ চলছে। নির্বাচনের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
এর আগে সকালে সিইসি এমএ আজিজ, কমিশন সচিব, পররাষ্ট্র সচিব, তথ্য সচিব, স্বাস্থ্য সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিবসহ কয়েকজন ঊর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।
ওই বৈঠক সম্পর্কে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দীন সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
তবে কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের জানান, বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে তারা বৈঠক করেছেন।
নির্বাচন পর্যবেক্ষণে যেসব বিদেশীরা এ দেশে আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়েই তারা আলোচনা করেছেন।
বিকেল ৩টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনাটালক ডেসালিয়েন সিইসির সাথে বৈঠক করেন।
জাতিসংঘের একটি অ্যাম্বুলেন্সে এসে একই বৈঠকে যোগ দেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি নজিবুর রহমান ও সদস্য জুডিথ থমসন।
ঘণ্টাখানেক বৈঠকের পর ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সাংবাদিকদের জানান, এ বছর প্রায় ৩০০ বিদেশী পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবেন। সে বিষয়ে তারা বৈঠকে আলোচনা করেছেন। বিদেশী পর্যবেক্ষকদের মধ্যে যারা বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তারা নির্বাচনের আগেই ডিসেম্বরে চলে আসবেন। নির্বাচনের পর বেশ কিছুদিন অবস্থান করবেন তারা।
এ দেশে রাজনৈতিক পরিস্থিতির প্রশ্নে রেনাটালক ডেসালিয়েন জানান, তারা এ বিষয়ে অবহিত আছেন। জাতিসংঘের মহাসচিবও এ প্রসঙ্গে তার মতামত দিয়েছেন।
কমিশন সচিব জানান, এ বছর বিদেশী পর্যবেক্ষক ও তাদের দোভাষীদের নিরপেক্ষতার ওপর তারা জোর দিচ্ছেন। পর্যবেক্ষকদের সাথে কাজ করা দোভাষী যেনো রাজনীতি সংশ্লিষ্ট না হন এবং তার বয়স যেনো অন্তত ২০ বছর হয়-এমন নীতিমালা তৈরী করছেন তারা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
