২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার রায় অবিলম্বে কার্যকরের দাবি

ঝালকাঠির দুই বিচারক হত্যার একবছর পূরণ হচ্ছে মঙ্গলবার। গত বছর ১৪ নভেম্বর জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় নিহত হন ঝালকাঠি জজ কোর্টের দুই সহকারি জজ শহিদ সোহেল আহমাদ ও জগন্নাথ পাঁড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে রায় কার্যকর করা নিয়ে সংশয় প্রকাশ করে নিহতদের পরিবার তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তা কার্যকর করার দাবি জানিয়েছে।

বিচারক হত্যার বর্ষপূর্তিতে জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি এবং শোক মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে।

ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহজাহান আশরাফ জানান, দিনটি তারা কালো দিবস হিসেবে পালন করবেন। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় আইনজীবী সমিতির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় শোক র‌্যালী, বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে শোক সভা।

এ ছাড়া জগন্নাথ পাঁড়ের বাড়িতে দিনব্যাপী পূজা, ১১ টায় নিহতের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, বাৎসরিক ক্রিয়াদি, গণভোজ এবং সোহেল আহমাদের বাড়িতে কোরআনখানী এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

এদিকে জগন্নাথ পাঁড়ের স্ত্রী পল্লবী পাঁড়ে জ্যোতি এবং সোহেল আহমাদের স্ত্রী কান্তা আহমাদ তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার সময়সীমার মধ্যে জঙ্গিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। অন্যথায় জঙ্গিরা রাজনৈতিক ছত্রছায়ায় আইনের ফোকর গলে ঠিকই বেরিয়ে আসবে বলে তারা আশংকা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে জ্যোতি পাঁড়ে বলেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে ক্ষতিপূরণ হিসেবে জনপ্রতি ৫০ লাখ টাকা, নিরাপত্তার জন্য বাড়ি এবং সরকারি চাকরি দেওয়ার দাবী জানিয়েছিল জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। কিন্তু এ পর্যন্ত আমরা মাত্র পাঁচ লাখ টাকা পেয়েছি।

কান্তা আহমাদ বলেন, সরকারের দেওয়া কোন প্রতিশ্রুতিই এপর্যন্ত বাস্তবায়িত হয়নি। তিনিও রায় কার্যকরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে আদালতে যাওয়ার সময় জঙ্গিরা বিচারকদের বহনকারী গাড়িতে বোমা ছুঁড়ে মারলে ঘটনাস্থলেই মারা যান ওই দুই বিচারক। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন গ্রেপ্তার করে। ওইদিন রাতেই এ ঘটনায় জজশীপের ড্রাইভার সুলতান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে সদর থানায় পৃথক দুইটি মামলা করেন। পুলিশ ও সিআইডি উভয় মামলায় তদন্ত করে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ জেএমবির ১৩ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে। ২০০৬ সালের ৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দফা রায়ে বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল আদালত বিস্ফোরক মামলায় জঙ্গিদের ৪০ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

২৩ এপ্রিল ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামীদের বিরুদ্ধে অভযোগ গঠন করা হয়। এরপর ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মোট ১২টি কার্যদিবসে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ, ১৫ মে আসামীদের বক্তব্য গ্রহণ এবং ১৮ মে মামলার যুক্তিতর্ক শেষে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক আহমেদ বিচারক হত্যার দায়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালিদ সাইফুল্লাহ, মামুন, পলাতক আসামী আসাদুল হক আরিফসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।