‘রাষ্ট্রপতি ৪ দলীয় জোটের নীলনকশা বাস্তবায়ন করছেন’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকরা বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ অন্য উপদেষ্টাদের পাশ কাটিয়ে চারদলীয় জোটের নীলনকশা বাস্তবায়নে লিপ্ত রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে তিনি সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকাকে বিতর্কিত করেছেন।”
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে এক বিবৃতিতে তাঁরা এসব বলেন। সভায় স্টিয়ারিং কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে সেনাবাহিনীর উদ্দেশ্যে শিক্ষকরা বলেন, “দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে সেনাবাহিনী কোন মহলের উস্কানিতে বিভ্রান্ত হবে না বলেই আশা করি।”
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, “অবিলম্বে বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ ও নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে।” নিরপেক্ষ ব্যক্তির হাতে প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রদানের জন্যও তাঁরা জোর দাবি জানান।
