সেনা মোতায়েনের প্রজ্ঞাপন বাতিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত
সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করে অচলাবস্থা নিরসনে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে সরকার।
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রথমবারের মত প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের মুখপাত্র মাহবুবুল আলম।
সোমবার পিআইডি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহবুুবুল আলম আরও জানান, সোমবার কারওয়ান বাজারের ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রোববার জারি করা সেনা মোতায়েন সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পর্কে মাহবুবুল আলম বলেন, “প্রজ্ঞাপনটির কোনো প্রয়োজনই ছিল না।"
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি অনুসারেই বিশেষ প্রয়োজনে একজন জেলা ম্যাজিস্ট্রেট নিজের বিচারিক প্রজ্ঞা কাজে লাগিয়ে সেনাবাহিনী ডাকতে পারেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে মাহবুবুল আলম জানান, “ড. আকবর আলী খান, সি এম শফি সামি, ইয়াসমীন মুর্শেদ এবং আমি নিজে এ চারজনের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজকে অপসারণের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সিদ্ধান্ত হলে তো আলোচনার প্রয়োজন ছিল না। বিষয়টি নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
মাহবুবুল আলম আরো জানিয়েছেন, উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন কমিশন পুনর্বিন্যাস ও আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করা হয়েছে।
কার বা কোন পর্যায়ের নির্দেশে সোমবার সেনা মোতায়েন সংক্রান্ত এ আদেশ জারি করা হলো এ প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মাহবুবুল আলম। বরং বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “সরকার অনেক সময় প্রজ্ঞাপন জারি করে থাকে পরে যা আর দরকার হয় না। এ মুহূর্তে ওই প্রজ্ঞাপনটিরও আর কোনো দরকার নেই।”
রাজনৈতিক দলগুলোর আলাচনা কোথায় হতে পারে এ প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, “এটা এখনো ঠিক হয়নি”।
“কারওয়ানবাজারে পুলিশ অবরোধকারীদের উপর গাড়ি উঠিয়ে দিয়ে অন্ততঃ একজনকে মেরে ফেলেছে এবং পুরো ঘটনাটির জন্য পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া দায়ী । তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি?”
উপস্থিত সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, “আপনাকে ধন্যবাদ বিষয়টি আমাকে জানানোর জন্য এবং ঘটনার জন্য দায়ী একজন পুলিশ কর্মকর্তার নাম বলার জন্য। বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ দোষ করে থাকলে তার শাস্তির ব্যবস্থা করা হবে।”
