২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের পাল্টা কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত

অনির্দিষ্টকাল অবরোধের প্রথম দুদিন কোনো কর্মসূচি না থাকলেও মঙ্গলবার দেশের বিভিন্ন উপজেলা-থানায় সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রতিবাদে তারা এই কর্মসূচি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির প্রধান শরিক দল জামায়াতে ইসলামী। মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনমত গড়তে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি দলীয় নেতা-কর্মীদের ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের আহবান জানিয়েছেন।

শরিক দলগুলোও অনুরূপ কর্মসূচি ঘোষণা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে আবদুল মান্নান ভূঁইয়া ১৪ দলের অবরোধ কর্মসূচিকে ‘নৈরাজ্যজনক ও সহিংস’ উল্লে¬খ করে তা প্রত্যাহারের আহবান জানিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, ‘অবরোধ কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি’।

এদিকে ঢাকা মহানগরী বিএনপির পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তিতে মহানগরীর বিভিন্ন থানায় সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি সফল করার জন্য নগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাকে হোসেন খোকা এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম নগরীর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবিতে গত ১২ নভেম্বর থেকে ১৪ দল সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয়।