অবরোধ কর্মসূচির প্রথম দিনে বগুড়ায় গুলি, বোমা, সংঘর্ষ
১৪ দলের অবরোধ কর্মসূচিতে জেলায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও বোমা বিস্ফোণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া সান্তাহার-বোনার পাড়া লাইনে রেল চলাচল বন্ধ ছিল সারাদিন। এ সময় দূরপাল্লা ও আন্ত: জেলা বাসও চলেনি।
বগুড়া শহরসহ অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়। তবে বিকেল সাড়ে ৪ টার দিকে সোনাতলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপির মিছিল থেকে ৮/৯ রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু মো. জিয়াউল করিম শান্ত অভিযোগ করেন, জাকিরের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিলে গুলি করা হয়। এতে তিনজন আহত হন।
তবে সোনাতলার বিএনপি সভাপতি আহসানুল তৈয়ব জাকির অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগই গুলি চালায়। এতে তাদের আট-নয়জন কর্মী আহত হয়েছে।
এদিকে সোনাতলার ভেলুপাড়ায় সকাল সাড়ে ৮টায় সান্তাহার থেকে বোনার পাড়াগামী পদ্মরাগ ট্রেন আটকে দেয় অবরোধকারীরা। এতে সান্তাহার-বোনার পাড়া লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
