২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ব্যাপারে উপদেষ্টারা ‘অবগত’ নন

সারাদেশে সেনা মোতায়েন সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ব্যাপারে উপদেষ্টা পরিষদের সদস্যরা জানেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র মাহবুবুল আলম রোববার রাতে সাংবাদিকদের বলেছেন, “জনপ্রশাসনের সহায়তার জন্য প্রয়োজনে কোথাও কোথাও সেনা মোতায়েন করা যেতে পারে। তবে প্রজ্ঞাপণের বিষয়ে আমরা ‘অবগত’ নই। আর এ বিষয়ে বৈঠকে আমরা আলোচনাও করিনি।”

বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনের আহম্মেদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো বিভক্ত হওয়ার কারণে দেশে বর্তমানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে না। তবে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সকলের শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।”

তাদের দায়িত্বকে অত্যন্ত ‘চ্যালেঞ্জিং’ অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, “অনেকে বলছেন যে, আমরা সময় ক্ষেপন করছি। কিন্তু আমরা একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজছি এবং একটা ফলপ্রসু সমাধান করতে আমরা বদ্ধপরিকর।”

প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সরকার চাইলেই তাকে সরিয়ে দিতে পারে না। প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ।”

ব্রিফিংকালে মাহবুবুল আলম আরও বলেন, উপদেষ্টাদের সভায় দেশের সার্বিক পরিস্থিতি এবং তার উন্নয়নে বিশদভাবে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তা আলোচিত হয়েছে এবং পরবর্তী সভায় সোমবার সকালে আরো আলোচনা করা হবে।

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন সম্পর্কে মাহবুব আলম বলেন, রোববারের কর্মসূচি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। এসময় তিনি বিচ্ছিন্ন ঘটনাবলীকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দেন এবং আশংকা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির কারণে নাগরিক জীবনে দুর্ভোগ নেমে আসবে ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে।

সন্ধ্যা ৬টা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী বৈঠক চলে। অবরোধ কর্মসূচির কারণে অতিরিক্ত পুলিশী পাহারায় উপদেষ্টারা একে একে বঙ্গভবনে এসে পৌঁছান।