পিসি থেকে ১৫ নভেম্বর বিদায় নিচ্ছেন এনাম আহমেদ
এনাম আহমেদ চৌধুরী ১৫ নভেম্বর থেকে আর বেসরকারীকরণ কমিশনের (পিসি) চেয়ারম্যান থাকছেন না।
গত পাঁচ বছর ধরে বেসরকারীকরণ কমিশনের নেতৃত্ব দানকারী সাবেক এই আমলা বলেন, “রাষ্ট্রপতি আমার আবেদনপত্র গ্রহণ করেছেন। ১৫ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।”
এনাম আহমেদ চৌধুরী ২ নভেম্বর বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।
রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার সৌদি প্রিন্স বান্দার বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদের কাছে হস্তান্তর পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ার জন্য রাষ্ট্রপতি তাঁর প্রতি আহ্বান জানান। এই শেয়ার সৌদি প্রিন্স ৩৩ কোটি মার্কিন ডলারে ক্রয় করছেন।
সরকার ও সৌদি প্রিন্সের পক্ষের প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় ঐকমত্য না হওয়ায় হস্তান্তরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এ ব্যাপারে এনাম আহমেদ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “১৪ নভেম্বরের মধ্যে আমরা সবকিছু চূড়ান্ত করার চেষ্টা করছি।”
বিদায়ী চেয়ারম্যান ২০০১ সালের ১৪ নভেম্বর বেসরকারীকরণ কমিশনের দায়িত্ব গ্রহণ করেন।
