সিইসিকে আমরা পদত্যাগ করতেও বলবো না, থাকতেও বলবো না: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজের অপসারণ করার অনুরোধকে এখতিয়ার বর্হিভূত বলে মন্তব্য করেছেন।
রোববার সন্ধ্যায় গুলশানে তাঁর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্নান ভূ্ইঁয়া বলেন, ‘‘সিইসিকে পদত্যাগ করতে বলাটা অনুচিত। তাঁকে আমরা পদত্যাগ করতেও বলব না, থাকতেও বলব না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।’’
বিএনপি মহাসচিবের আমন্ত্রণে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা তাঁর সঙ্গে বৈঠক করেন। সেখানে মান্নান ভূঁইয়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা করেন। ব্যবসায়ী নেতারা ১৪ দলের অবরোধ কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্যের যে ক্ষতি হচ্ছে তা মান্নান ভূঁইয়াকে জানান।
পরে সাংবাদিকদের কাছে আইসিসিআইয়ের সভাপতি মাহববুর রহমান বলেন, ‘‘অবরোধ কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে তা আমরা তুলে ধরেছি। আমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুই দলকে নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার আহবান জানিয়েছি।’’
এফবিসিসিআইয়ের সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘‘আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বলেছি, আপনারা একটা সমঝোতায় আসুন। দেশের অর্থনীতির চরম ক্ষতি হচ্ছে। এটা বেশিদিন চলতে দেওয়া যাবে না।’’ ব্যবসায়ী নেতারা জানান, তারা আজকালের মধ্যে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের ১৪ দলের অবরোধ কর্মসূচিকে অগণতান্ত্রিক অভিহিত করে বলেন, ‘‘তারা অবরোধ কর্মসূচি দিয়ে দেশের মানুষকে জিম্মি করছে। ওই কর্মসূচির ফলে প্রতিদিন ৫শ কোটি টাকা ক্ষতি হচ্ছে।” তিনি ১৪ দলকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার আহবান জানান।
একই সঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ১৪ দলের এরকম কর্মসূচি শান্তিপূর্র্ণ নয়, সহিংসমূলক। টঙ্গীতে বিএনপির কার্যালয়ে তারা আগুন দিয়েছে। সারা দেশেই তারা সহিংসতা প্রদর্শন করেছে। এভাবে ১৪ দল কর্মসূচি অব্যাহত রাখলে আমরাও কর্মসূচি দিতে বাধ্য হব। তবে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা বরকতউল্লা বুলু, বিজিএমইএ-এর সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি আনিসুল হক, ডিসিসিআইয়ের সভাপতি এম এ মোমেন, বিটিএমএ-এর সভাপতি এম এ আউয়াল, এফবিসিসিআই-এর সহসভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএ-এর সভাপতি ফজলুল হক, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে এই প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
