২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি তবু নির্বিকার

নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তার বলয়, দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ আর সাংবাদিকদের প্রশ্নবাণের মধ্যেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ ভাবলেশহীন নির্বিকার ছিলেন রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

প্রতিদিনের মতো আজও তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন সাংবাদিকরা। সিইসি তার অফিস কক্ষ থেকে ৩ টা ৫৫ মিনিটে বের হয়ে এলে গাড়ি বারান্দায় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। তবে কোনো প্রশ্নেরই জবাব দেননি তিনি; শুধু কবে নাগাদ নির্বাচনী তফশিল দেওয়া হচ্ছে, এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘২৫ তারিখের আগেই তফশিল দেবো।’

সিইসি নিজস্ব নিরাপত্তা বাহিনীর সহায়তায় রোববার সাংবাদিকদের এড়িয়ে যান বেশ সাবলীলভাবেই। এ সময় সিইসির পদত্যাগের গুজব ছড়িয়ে পড়লে সাংবাদিকরা তাকে অনুসরণ করে কাকরাইলে তার বাড়ির ফটক পর্যন্ত যান।

এর আগে আমেরিকাভিত্তিক নির্বাচন গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির কার্যালয়ে প্রায় একঘন্টা সাক্ষাত করেন। সাক্ষাত শেষে বেলা সাড়ে ৩ টার দিকে দল নেতা জন এনেলি সাংবাদিকদের জানান, তারা নির্বাচন প্রস্তুতির বিষয়ে সিইসি এমএ আজিজের সঙ্গে কথা বলেছেন।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে আইআরআই প্রধান নেতিবাচক জবাব দেন। তিনি বলেন, ‘‘রাজনৈতিক সংকট দূর করার দায়িত্ব বড় দলগুলোর। আমরা আশাকরি, তারা শিগগিরই ফলপ্রসু সিদ্ধান্ত নেবে। সকল দলের অংশগ্রহণে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’’

এদিকে ৪ টা ২০ মিনিটের দিকে সিইসির পদত্যাগের দাবিতে অ্যাডভোকেট মাহবুবে আলমের নেতৃত্বে আইনজীবী সমন্বয় পরিষদ এমএ আজিজের বাসার দিকে যেতে চাইলে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। প্রধান বিচারপতির বাসার সামনে আইনজীবীরা রাস্তায় বসে পড়ে এর প্রতিবাদ জানান। পরে তারা সংক্ষিপ্ত পথসভা করে ফিরে যান।