অবরোধ কর্মসূচি বাতিল করতে সরকারের আহ্বান
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে শনিবার সংবিধান ও আইন বর্হিভূত উল্লেখ করে সরকার কর্মসূচি বাতিলের আহ্বান জানিয়েছে।
সরকারী এক প্রেসনোটে এই কর্মসূচি বাতিল করে শান্তির্পর্ণভাবে মিছিল-সমাবেশ করার পরামর্শ দেয়া হয়।
রবিবারের অবরোধ কর্মসূচিকে দেশের সংবিধান ও আইন পরিপন্থী দাবি করে প্রেসনোটে বলা হয়, দেশের শান্তি-শৃঙ্খলা, সামাজিক ও অর্থনৈতিক জীবন, জনসাধারণের জানমাল রক্ষা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
এ জন্য ইতিমধ্যে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে উল্লেখ করে প্রেসনোটে বলা হয়, সরকার কোনক্রমেই দেশে বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না।
প্রেসনোটে আরো বলা হয়, অবরোধের মতো কর্মসূচির কারণে ঢাকা মহানগরীতে বসবাসরত প্রায় ১ কোটি ২০ লাখ লোকের খাদ্যসহ জীবনধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ বন্ধ হয়ে যাবে। জনজীবনে নেমে আসবে মারাত্বক বিপর্যয় ।
বিশেষ করে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠবে।
এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্প এলাকা থেকে রপ্তানিযোগ্য শিল্পপণ্য চলাচল ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়বে। পাশাপাশি গ্রাম অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহনও বন্ধ হয়ে যাবে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করতে হবে। সর্বোপরি দেশের অবশিষ্ট অঞ্চলের সঙ্গে ঢাকা বিচ্ছিন্ন হয়ে পড়বে।
দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অসাংবিধানিক কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্যও প্রেসনোটে আহ্বান জানানো হয়।
