২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ বলে রোববার থেকে অবরোধ: হাসিনা

রাষ্ট্রপতি নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে রোববার থেকে রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

শেখ হাসিনা রাষ্ট্রপতিকে দলীয়, পক্ষপাতদুষ্ট এবং সংবিধান লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছেন। তার মতে সব দলের আস্থা অর্জনে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কিছুই করতে পারেননি।

শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি তিন নম্বরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসিনা এ ঘোষণা দেন।

সাংবাদিকদের লিখিত বক্তব্যে হাসিনা বলেন, এ অবরোধ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। এ কর্মসূচিতে তার সমর্থকেরা লগি বা বৈঠা নিয়ে আসবেন কি-না এ প্রশ্নের জবাবে হাসিনা বলেন, “অবশ্যই থাকবে। লগি ছাড়া কী নৌকা চলে?”

সন্ধ্যা ছয়টায় সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও তা শুরু হতে ৪০ মিনিট দেরি হয়। এ সময় পাশের কক্ষেই ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছিলেন জোটের প্রধান নেত্রী শেখ হাসিনা। অবশেষে ওবায়দুল কাদের এসে জানান আর কিছুক্ষণের মধ্যেই সম্মেলন শুরু হবে।

লিখিত বক্তব্যে হাসিনা পড়েছিলেন, “আগামিকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে সফল করুন”। অবরোধটি শুধু আগামিকাল কি-না সাংবাদিকদের এ প্রশ্নে বিষয়টি সংশোধন করে দেন হাসিনা, “আগামিকাল থেকে অনির্দিষ্টকাল”।

“সংবিধানের নির্দেশ উপেক্ষা করে রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন” একথা স্মরণ করিয়ে দিয়ে হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। তার সম্পর্কে হাসিনা আরও বলেন, “নির্দলীয় প্রধান উপদেষ্টার শপথের কথা ভুলে গিয়ে তিনি দলীয় রাষ্ট্রপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।”

বিএনপি ও জোট সরকারের সমালোচনা করে হাসিনা বলেন, “সবসময় দেখবেন ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় এলে তারা এরকম টালবাহানা করে। ১৯৯৬ সালেও করেছিল এবারও করছে। কারণ তারা ক্ষমতা থেকে যেতে চায় না”।

রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এ অভিযোগ এনে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, “তিনি রাষ্ট্রপতি পদের ক্ষমতাকে প্রধান উপদেষ্টার ক্ষমতার সাথে মিলিয়ে ফেলে সংবিধান লঙ্ঘন করেছেন। বিভ্রান্তি সৃষ্টি করেছেন। সংবিধান প্রদত্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মূল চেতনা ও উদ্দেশ্য থেকে সরে গেছেন”।

রাষ্ট্রপতি সচিবদের সভায় উপদেষ্টাদের উপস্থিত থাকতে দেননি একথা বলে তিি বলেন “তিনি উপদেষ্টাদের সাথে দূরত্ব সৃষ্টি করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন তাও সংবিধান লঙ্ঘনের শামিল”।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধসহ সব ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার তো আমাদের প্রতিপক্ষ নয়। তবে তারা কার স্বার্থ রক্ষা করতে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছেন”।

হাসিনা দাবি করেন, “রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অপারগ হলে নতুন করে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে হবে”।

ইয়াজউদ্দিনের সমালোচনা করে হাসিনা বলেন, বারবার সময় দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তিনি এমন কিছুই করেননি যাতে মনে হতে পারে যে তিনি নিরপেক্ষ। বরং তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ ১৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখে রাষ্ট্রপতি বিতর্কিত হয়েছেন বলে হাসিনা মনে করেন।

হাসিনার ভাষায়, “উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়নি-যা রহস্যজনক”।

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেওয়া প্রসঙ্গে হাসিনা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি বলে ৩ নভেম্বরের মধ্যে ১১টি করণীয় সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন “আমি নিজে উদ্যোগী হয়ে তার সাথে সাক্ষাৎ করেছি। আমাদের দলীয় সাধারণ সম্পাদকসহ ১৪ দলের নেতারা তার সাথে াক্ষাৎ করে প্রধান উপদেষ্টা হিসাবে তাকে কার্যকর ভূমিকা রাখতে বলেছে। আমাদের আশা ছিলো, দলীয় রাষ্ট্রপতি হলেও তিনি নির্দলীয় প্রধান উপদেষ্টা হিসেবে তার নতুন দায়িত্বের মর্যাদা ও সম্মানের কথা বিবেচনা করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন। কিন্তু তিনি তা করেন নাই”।

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে হাসিনা বলেন, “দেশ রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত আমাদের সশস্ত্রবাহিনীকে দুর্নীতিবাজ লুটেরা ও চোর পরিবারকে রক্ষার জন্য ব্যবহার করে জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবেন না”।

সিইসি সরে দাঁড়ালেই অবরোধ তুলে নেওয়া হবে কি-না এ প্রশ্নের জবাবে হাসিনা বলেন, “দেখুন, আমরা শান্তির পক্ষে। নির্বাচন কমিশন পুনর্গঠনসহ আর যেসব দাবি আমাদের আছ তা মেনে নিলে আমরা আমাদের অবরোধও তুলে নেবো”।

দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য হাসিনা বিএনপি জামাত জোট সরকারকে দায়ী করে বলেন, তারা জানে সব ক্ষেত্রে দুর্নীতিকরণ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে জনগণ তাদের আর ভোট দেবে না। এজন্য মরীয়া হয়ে এ জোট “জনরায়কে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিজেদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে সংবিধান সংশোধন করে। দলীয় আজ্ঞাবহ বিতির্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কর্মশনার করে নির্বাচন কমিশনে দলীয় ব্যক্তিদের অধিষ্ঠিত করে। হাইকোর্টের রায় উপেক্ষা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করে”।

সংবাদ সম্মেলনে সৈয়দা সাজেদা চৌধুরী, জোহরা তাজউদ্দিন, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, মোহাম্মদ নাসিম, হাসানুল হক ইনু প্রমুখ ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।