২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ২২ স্থানে অবরোধ কর্মসূচি পালনের পরিকল্পনা

রাজধানীর ২২টি স্থানে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে ১৪ দল। তবে কেউ বাধা দিলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 02:42 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার মহানগর ১৪ দল আয়োজিত রোববারের অবরোধ কর্মসূচি সফল করার জন্য এক প্রস্তুতি সভায় বক্তরা কর্মসূচিকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিশেষ একটি মহল তৎপরতা চালাতে পারে বলে দলীয় কর্মীদের সতর্কও করে দেন।

মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পংকজ ভট্টাচার্য, ওবায়েদুল কাদের, দিলীপ বড়ুয়া, এ কে এম রহমত উল্লাহ, হাজি মো. সেলিম, কামরুল হাসান, ওমর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “আমাদের ১১ দফা দাবির একটিও রাষ্ট্রপতি মানেননি। আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকী। দাবি মানা না হলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী থাকতে হবে।”

বক্তারা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “আপনি রাষ্ট্রপতি শাসিত সরকার প্রধানের নয়, নির্দলীয়, নিরপেক্ষ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করুন। অন্যথায় আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

১৪ দল নির্ধারিত অবরোধ কর্মসূচির ২২ ষ্পট

গাবতলী বাসষ্ট্যান্ড, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১২ নং বাসষ্ট্যান্ড (পল্লবী), রাসেল স্কয়ার, আজমপুর, কুড়িল রেল ক্রসিং, মহাখালী, মগবাজার, জুরাইন রেল গেট, যাত্রাবাড়ি চৌরাস্তা, দয়াগঞ্জ বাসষ্ট্যান্ড, সদরঘাট, রায়সা বাজার মোড়, বাবু বাজার ব্রীজ, শাপলা চত্বর, শাহজাহানপুর রেল ক্রসিং, নূর হোসেন স্কয়ার, শাহবাগ মোড়, কমলাপুর রেল স্টেশন, কেল্লার মোড়, নবাবপুর এবং নর্থ-সাউথ রোড।