২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ নভেম্বরের মধ্যে রাজনৈতিক কৌশলের ঘোষণা দেবেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের রাজনৈতিক কৌশল সম্পর্কে ঘোষণা দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সাবেক রাষ্ট্রপতি এরশাদ শুক্রবার বনানী বাজার মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও বিগত সংসদের সাংসদদের সঙ্গে এক যৌথ সভায় সভাপতির ভাষণে একথা বলেন।

জি এম কাদেরসহ প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই ওই সভায় উপস্থিত ছিলেন না।

এরশাদ বলেন, “গোটা দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তাই আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এবং আগামী ১৫ নভেম্বরের মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবো।”

ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তিকে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

সভায় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন।

শনিবার বিকাল ৩টা পর্যন্ত এই সভা মূলতবি করা হয়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে এখন দেশে সবচেয়ে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো চরম বিরোধ চলছে। তিনি বলেন, এখন সংবিধান নিয়ে কথা বলা হয়। অথচ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে সরকারের কোনো দায়বদ্ধতা নেই-কারো কাছে কোনো জবাবদিহিতা নেই-সেই সরকার জাতির কোনো কল্যাণে আসতে পারে না। গত তিনটি তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির ক্ষেত্রে সততার সাথে দায়িত্ব পালন করেনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, “ব্যক্তিগত স্বার্থেও সংবিধান সংশোধন করা হয়েছে। আমিও সংবিধান সংশোধন করেছি, তবে নিজেদের স্বার্থে নয়। সংবিধান সংশোধন করে ইসলামকে রাষ্ট্রধর্ম করেছি। ”

তিনি বলেন, “আমার জনপ্রিয়তায় ভীত হয়ে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি করা হয়েছে। কিন্তু গত ১৫ বছরে সেই পদ্ধতিতে দেশে শান্তি স্থিতিশীলতা আসেনি।”