রাষ্ট্রপতি শুধু উপদেষ্টাদের উপেক্ষাই নয়, সংবিধানও লঙ্ঘন করেছেন: সিপিবি
দেশে রাষ্ট্রপতির শাসন চলছে-এ বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ শুধু উপদেষ্টাদের উপেক্ষাই নয়, সংবিধানও লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ অভিযোগ করেন।
তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন পর্যন্ত নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি, বরং তারা বিএনপি-জামায়াত জোট সরকারের ধারাবাহিকতাই রক্ষা করছেন।
সিপিবি নেতারা অবিলম্বে নির্বাচন কমিশন ও প্রশাসন পুনর্গঠনসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তা না হলে ১২ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
দলের সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে শুক্রবার বিকালে মুক্তাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম, আহসান হাবীব লাবলু, অ্যাডভোকেট মন্টু ঘোষ, আবদুল কাদের, আবদুল মালেক, সাদেকুর রহমান শামীম, আবদুল বারেক, সামসুল আলম সজ্জন।
ওই সমাবেশ থেকে আগামী ১২ নভেম্বর সারাদেশে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
