রাষ্ট্রপতির মধ্যে স্বৈরাচারী প্রবণতা দেখা যাচ্ছে: রোকনউদ্দিন
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুক্রবার বলেছেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধান লঙ্ঘন করেছেন। স্বৈরাচারী প্রবনতাও দেখা যাচ্ছে তার মধ্যে।
বর্তমান সরকার রাষ্টপ্রতি শাষিত সরকারে রুপ নিয়েছে বলে রাষ্ট্রপতির বৃহস্পতিবারের বক্তব্য প্রত্যাখান করে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, সংবিধানে রাষ্ট্রপতি শাষিত সরকারের কোন বিধান নেই।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি আরো বলেছিলেন, অন্তবর্তী সরকারের যে কোন সমালোচনা সরকার পরিচালনায় হস্তক্ষেপের শামিল।
রোকনউদ্দিন বলেন,সংসদীয় সরকার পদ্ধতিতে রাষ্ট্রপতি নামমাত্র সরকার প্রধান। এমন কি, নীতিগত কোন সিদ্ধান্ত নেওয়ারও ক্ষমতা তাঁর নেই।
তিনি বলেন, রাষ্ট্রপতির মধ্যে স্বৈরাচারী প্রবণতা দেখা যাচ্ছে এবং বর্তমান কাঠামোতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির চেয়ে অনেক বেশি ক্ষমতাধর।
রোকনউদ্দিন আরো বলেন, বৃহস্পতিবার সচিবদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করার মাধ্যমে ইয়াজউদ্দিন আহম্মেদ শপথ নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেছিলেন তাকেই তিনি পুরোপুরি অস্বীকার করেছেন।
