২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১৪ দলের বিক্ষোভ-সমাবেশ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এবং রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে শুক্রবার ১৪ দল কিশোরগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সমাবেশে জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, “অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ‘দেশ রাষ্ট্রপতি শাসিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে’ একথা বলে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।”

তিনি বলেন, “সংবিধানে তত্তা¡বধায়ক সরকারের কথা বলা আছে, রাষ্ট্রপতি শাসিত সরকারের কথা নেই।”

সাবেক বিরোধী দলীয় উপনেতা রাষ্ট্রপতির এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, “সিইসি বিচারপতি এমএ আজিজ প্রশ্নে কোনো ছাড় নেই, তাকে পদত্যাগ করতেই হবে।”

অ্যাড আব্দুল হামিদ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের রথখোলা ময়দানে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি (ন্যাপ) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড মোজাম্মেল হক খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, জাতি কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া প্রহসনের নির্বাচন মেনে নেবে না।

আওয়ামী লীগ জেলা কমিটির প্রচার সম্পাদক আনোয়ার কামালের পরিচালনায় জনসভায় স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড কামরুল হাসান শাহজাহান, অ্যাড এমএ আফজাল শাহাবুদ্দিন ঠাকুর, গণতন্ত্রী পার্টির নেতা অ্যাড মোহাম্মদ আলী ভূঁইয়া, অ্যাড ভৌপেন্দ্র ভৌমিক দোলন, জাসদ নেতা নজরুল ইসলাম নুরু এবং গণফোরাম নেতা অ্যাড জামাল উদ্দিন।