সাতক্ষীরায় জাসদ নেতাকে বিএনপি কর্মীদের মারধর
বিএনপি কর্মীরা মারধর করে জেলা জাসদ সভাপতি কাজী রিয়াজকে পুলিশের হাতে তুলে দেয় বৃহস্পতিবার রাতে। কিন্তু ১৪ দল নেতৃবৃন্দ রাতেই থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে তাকে ছাড়িয়ে আনেন।
আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৪ দলের সদস্য সচিব অ্যাডঃ মোস্তফা লুৎফুল¬াহ জানান, রাতে সাইকেল চালিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন মুক্তিযোদ্ধা রিয়াজ। জজ কোর্টের সামনে পৌঁছে দেখতে পান সাবেক সাংসদ হাবিবের ফাঁসির দাবি সম্বলিত পোষ্টার লাগানো হচ্ছে। সাইকেল থেকে নেমে রিয়াজ পোস্টারগুলো পড়তে থাকেন।
এমন সময় বিএনপি কর্মীরা সেখানে উপস্থিত হয়ে তার ওপর হামলা চালায়। বেদম মারধর করে মোবাইল ফোন সেট ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে অপহরণ করার চেষ্টা করে তাকে। কিন্তু লোকজনের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়।
এমন সময় সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি কর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এছাড়া বিএনপির পক্ষ থেকে জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল¬াহ শাহীন বাদি হয়ে আরেকটি এজাহার দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেছেন, জজ কোর্টের সামনে গোলযোগের খবর পেয়ে পুলিশ কাজী রিয়াজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিএনপির পক্ষ থেকে সাবেক সাংসদ হাবিবের ছবি সম্বলিত আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগ করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১৪ দল শুক্রবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, ১২ নভেম্বরের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে।
