২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি প্রশ্নে প্রধান দুই দল মুখোমুখি

তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিরপেক্ষতার প্রমাণ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজকে সরে যেতে ১২ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়ায় ওইদিন থেকে কী হবে তা নিয়ে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, জনমনেও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এই ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় ও বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট।

১৪ দল ১২ নভেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালনের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। অপরদিকে ৪ দল বলছে, সিইসিসহ নির্বাচন কমিশন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের বাইরে কোনো উদ্যোগ নিলে তারাও পাল্টা কর্মসূচির আগাম প্রস্তুতি নিয়েছে।

এই অস্থিরতার মধ্যে বাংলাদেশ সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার। তিনদিনের সফরে শনিবার ঢাকায় এসে তিনি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে রাজনৈতিক সংকট নিরসন ও আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে আলোচনা করবেন।

সূত্র জানিয়েছে, বাউচারের সাথে বৈঠকের পর শেখ হাসিনা ১২ নভেম্বর অবরোধ কর্মসূচির বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিতে পারেন।

চৌদ্দ দলের একাধিক নেতা জানান, ‘‘তারা সংঘাত এড়াতে চান’, তবে সিইসির বিষয়ে কোনো দরকাষাকষিতে যাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘‘১৪ দল দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বর্তমান সিইসি একজন বিতর্কিত ব্যক্তি, তাঁকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’’

জলিল জানান, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সিইসি পরিবর্তনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কোনো ব্যবস্থা না নিলে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।

অন্যদিকে বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে, সিইসি নিজে থেকে না চাইলে তাঁকে পরিবর্তন করা যাবে না। তাকে সরিয়ে দিলে পরবর্তী সিইসি নিয়োগে জটিলতা দেখা দিতে পারে বলে বিএনপি মনে করছে।

তাদের মত হচ্ছে, সিইসি হিসেবে আরেকজন নিয়োগ পেলে আওয়ামী লীগ তাঁকে মানলেও বিএনপি মানবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘‘সংবিধানের বাইরে কোনো উদ্যোগে আমরা সমর্থন দেবো না। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। এর পুনর্গঠন কোনো একটি রাজনৈতিক দলের কথা মতো হতে পারে না। বিএনপি এ দেশের বৃহত্তম দল। আমাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না।’’

তিনি বলেন, আওয়ামী লীগ যদি দেশে নৈরাজ্য ও সন্ত্রাস করে তবে বিএনপি তা বসে থেকে দেখবে, এমনটা মনে করা বোকামী হবে। জনগণকে নিয়ে বিএনপি দেশে শান্তি প্রতিষ্ঠায় নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তত রয়েছে বলে তিনি জানান।

এদিকে তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সর্তক থাকতে নির্দেশ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে জরুরি নির্দেশনাও বিভাগীয় প্রশাসনের কাছে পাঠিয়েছে।

এ অবস্থায় রোববার থেকে দেশে কী পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। তবে সবারই মত হলো, কেউই চান না দেশ সংঘাতের দিকে এগিয়ে যাক।