২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ‘অভিশংসিত’ হওয়ার মতো কাজ করেছেন: জলিল

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বর্তমান সরকারকে ‘রাষ্ট্রপতি শাসিত’ বলে মন্তব্য করায় বাংলার রাজনৈতিক আকাশ আরও জটিল হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রাজনৈতিক মহলে কড়া সমালোচনার মুখে পড়েছেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলও কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, “একথা বলে রাষ্ট্রপতি অভিশংসিত হওয়ার মতো কাজ করেছেন।”

শুক্রবার রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জলিল বলেছেন, বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে অসাংবিধানিক মন্তব্যের জন্য রাষ্ট্রপতিকে ‘অভিশংসিত’ করা যেতে পারে। তিনি বলেন, রাষ্ট্রপতি এখন একদলীয় শাসন চালাচ্ছেন। তিনি একনায়কত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জলিল বলেন, সংবিধান অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক সরকারেরই ধারাবাহিকতা। কিন্তু রাষ্ট্রপতি এখন পর্যন্ত নিরপেক্ষতার কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাঁর কাজকর্ম দেখে মনে হচ্ছে তিনি বিগত সরকারের হয়েই কাজ করছেন।

জলিল নিরপেক্ষতা প্রমাণে রাষ্ট্রপতিকে বেঁধে দেওয়া সময়সীমার উল্লেখ করে বলেন, ১২ নভেম্বরের মধ্যে তাদের দাবি মেনে না নিলে সারাদেশে লাগাতার অবরোধ শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সড়ক, নৌ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। রাজধানী ঢাকাসহ দেশের কোন স্থান থেকে কোন গাড়ি আসবেও না, যাবেও না।

জলিল আরও বলেন, অসদাচরণ ও মিথ্যা বলার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ রাষ্ট্রপতির মাধ্যমেই অপসারিত হতে পারেন। মিথ্যা বলার জন্য রাষ্ট্রপতি সিইসিকে অপসারণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগ নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে যদি রাষ্ট্রপতিশাসিতই করবেন তবে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিয়েছিলেন কেন?

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও তত্ত্বাধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ নিজের সরকারকে রাষ্ট্রপতিশাসিত সরকার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অতিরিক্ত দায়িত্ব তাঁর ওপর অর্পিত হওয়ায় বর্তমান সরকারের ধরন রাষ্ট্রপতিশাসিত সরকারের মতো হয়েছে।

সচিবদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির দেওয়া এ বক্তব্যে সারাদেশে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন।