ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ১৪৪ ধারা ভঙ্গ
জেলা আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসূচির জন্যে পৌর এলাকায় ১৪৪ ধারা জারীর কারনে নির্ধারিত স্থানে কোন দলই সমাবেশ করতে পারেনি।
তবে আওয়ামী লীগের একাংশ পৌর এলাকার বাইরে শহরতলীর গৌতম পাড়ার লাল বক্স বাজারে সমাবেশ করেছে। এর পর শহরের ফুলবাড়িয়া, শেরপুর ও বোর্ডার বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল ও পথসভা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা ।
বিএনপির মিছিলে ২৭ অক্টোবর রাতের বোমা হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মো. হাবিবুল্ল¬াহ নিহত হন। এ ঘটনায় উবায়দুল মোক্তাদির চৌধুরীসহ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গত সপ্তাহে হাইকোর্ট থেকে উবায়দুল মোক্তাদির চৌধুরীসহ ৩৬ জন জামিন পান। তাদের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৩টায় আবদুল কুদ্দুস মাখন মুক্তা মঞ্চে সমাবেশ আহ্বান করে আওয়ামী লীগ।
পাল্টা কর্মসূচি হিসেবে জেলা বিএনপি ও ইসলামী ঐক্যজোট স্থানীয় পৌর মুক্ত মঞ্চ এবং কাউতলী মোড়ে সমাবেশ আহ্বান করে।
এ অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট বনমালী ভৌমিক বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারী করেন। শহরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ ও বিডিআর।
বিকেল ৫টায় আওয়ামী লীগের একাংশ গৌতম পাড়ায় সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তফসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উবায়দুল মোক্তাদির চৌধুরী। বর্ক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান হেলাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগ নেতা মাইনুদ্দিন মঈন প্রমূখ।
সভায় বক্তারা বিএনপি নেতা হাবিবুল¬াহ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, যখনই নির্বাচন আসে তখনই ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ উত্তপ্ত করে বর্তমান রেড ক্রিসেন্ট চেয়ারম্যান হারুন আল রশিদ ফায়দা লোটার চেষ্টা করেন।
পরিবেশ উত্তপ্ত করে নির্বাচনী বৈতরনী পার হওয়ার জন্যে বিএনপিই এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ শেষে উবায়দুল মোক্তাদির চৌধুরী ১৪৪ ধারা ভঙ্গ করে শেরপুরে পথসভা করেন।
এছাড়া ১৪৪ ধারা জারী করে আওয়ামী লীগের জনসভা বানচাল করার প্রতিবাদে সুলতানপুরে কুমিল্লা-সিলেট মহাসড়ক বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়।
