২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নভেম্বর-শহীদ নূর হোসেন দিবস

আগামীকাল ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এইদিনে সামরিক স্বৈরশাসক এইচএম এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনে ঢাকার রাজপথে বুলেটবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন নূর হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

তার বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগান। তার এই আত্মত্যাগ গণতন্ত্রের আন্দোলনকে অপ্রতিরোধ্য করে তোলে এবং সামরিক শাসনের পতনে বড় ধরনের ভূমিকা রাখে। পরে ১৯৯৩ সালে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং স্বৈরশাসনের অবসান ঘটে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠায় ১৪ দলীয় বিরোধী জোটের ১১ দফা দাবি বাস্তবায়নে জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল পৃথক এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন নূর হোসেন চত্বরে পুস্পস্তবক অর্পণ করবে।

শহীদ নূর হোসেন সংসদ শুক্রবার সকাল সাড়ে আটটায় নূর হোসেন চত্বরে এবং সকাল ১০টায় তার কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া সংগঠনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মহাফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবেন।