সিইসির পদত্যাগ চাইতে গিয়ে ৬ নারী কর্মী গ্রেফতার, পরে মুক্তি
নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে এসে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিচারপতি এম এ আজিজের পদত্যাগ চাইতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হন ছয়জন নারীকর্মী। কয়েক ঘন্টা পরে তারা অবশ্য জামিনে মুক্তি পান।
নির্বাচন কমিশন সচিবালয়কে ঘিরে নেওয়া কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ‘পেশাজীবী নারী সমাজের’ ব্যানারে বেলা ২ টার দিকে দুজন-তিনজন করে কমিশনের গেটে হাজির হন ১০/১২ জন নারীকর্মী।
এসময় তারা সিইসির সঙ্গে সাক্ষাত করতে চাইলে গেটে মোতায়েন পুলিশ ও মহিলা পুলিশদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সিইসির পদত্যাগের দাবি জানিয়ে কমিশনকে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছে একটি স্মারকলিপি দেন।
কিন্তু এক পর্যায়ে মহিলা পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হলে তেজগাঁও থানা পুলিশ সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।
তেজগাঁ থানা পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়ায় অধ্যাপক মাহফুজা খানম, নাসিমুন আরা মিনু, জুলেখা হক মৃধা, আফরোজা হক শিরিন, তহুরা আলী এবং ডা. দিপুমনি-এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হয় গ্রেপ্তারকৃতদের।
