নেত্রকোনায় অনির্দিষ্ট কালের পরিবহন ঘর্মঘট শুক্রবার থেকে
শুক্রবার থেকে জেলার সব অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জেলা কমিটি।
রনজিত চৌধুরী নামে এক বাস চালকের মুক্তি ও দুই পরিবহন শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়।
ঐক্য পরিষদের জেলা কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার নেত্রকোনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এটিএম মোস্তফা চুন্নু, ঐক্য পরিষদ নেতা আব্দুল ওয়াহাব ভূইয়া, শিবলী সাদিক প্রমূখ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৪ অক্টোবর নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কদমতরি এলাকায় চলন্ত বাসে ওঠার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আজহারুল ইসলাম বাচ্চু নামে বারহাট্টা উপজেলা প্রশাসনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী নিহত হন।
কিন্তু এ ব্যাপারে প্রচলিত মোটরযান অধ্যাদেশের পরিবর্তে অন্য ধারায় বাস চালক রনজিত চৌধুরী এবং দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইতিমধ্যে চালক রনজিত চৌধুরী আদালতে জামিনের আবেদন জানালে তা না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েও কোন সুরাহা হয়নি।
রনজিত চৌধুরীর মুক্তি এবং দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখা হবে বলে তারা ঘোষণা দেন।
