২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয় হাই কমিশনার ডগলাস ফসকেট বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের সঙ্গে সাক্ষাত করে তাদের আগ্রহ প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বেলা আড়াইটা থেকে পৌনে এক ঘন্টার এ সাক্ষাত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন প্রস্তুতি ও বিদেশী পর্যবেক্ষকদের বিষয়ে তারা আলাপ করেছেন।

বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশী পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে। কাজেই এ নিয়ে আমি উদ্বিগ্ন নই।”

বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এরই মধ্যে একই বিষয়ে পৃথক পৃথকভাবে সিইসির সঙ্গে সাক্ষাত করেছেন।

এদিকে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ দেলোয়ার হোসান সাঈদীও বৃহস্পতিবার দুপুরের পর সিইসির সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের জানান, দলীয় প্রতিনিধি হিসেবে বা সিইসিকে কোনো আশ্বাস দেওয়ার জন্য তিনি কমিশনে আসেনি। সিইসির সঙ্গে আলাপ করেছেন শুধুমাত্র তার নির্বাচনী আসনটি নিয়ে। এমন কি সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কোনো কথা হয়নি।