২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী এখন আ. লীগ ও বিএনপি সন্ত্রাসীদের দখলে

রাজধানীর সন্ত্রাসী, চাঁদাবাজি ও অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক সন্ত্রাসীরা এখন মুখোমুখি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সূত্র মতে, ক্ষমতা পরিবর্তনের এই সন্ধিক্ষণে ঊভয় দলের সন্ত্রাসীদের মধ্যে বিএনপি মরিয়া তাদের ক্ষমতা, নিয়ন্ত্রণ ও আধিপত্য অক্ষুন্ন রাখতে। আর আওয়ামী লীগ এখন সব শক্তি নিয়োগ করেছে পাঁচ বছর পর তাদের হারানো ক্ষমতা, নিয়ন্ত্রণ ও আধিপত্য পুনঃউদ্ধার তৎপরতায়।

উভয়ের এই মুখোমুখি অবস্থানের বলি হয়েছেন যাত্রাবাড়ির এক শ্রমিক নেতা ও ব্যবসায়ী। অপর দুটি ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে সূত্রাপুরে গুলিবিদ্ধ হয়েছে ছয় নেতা-কর্মী এবং কোতোয়ালিতে আরো তিনজন।

হতাহতের এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে ঘিরেই সন্ত্রাসীদের মধ্যে সংঘাত হচ্ছে।”

এলাকাবাসী ও পুলিশের তথ্য মতে, শ্রমিক নেতা লিয়াকত আলি খোকনকে সকালে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তার কাজলা বাসার সামনে গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা।

যাত্রাবাড়ি থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহত খোকনের স্ত্রী মানসুরা বেগম এ ব্যাপারে একটি মামলা করেছেন এবং নেতৃত্বের কোন্দল ও ক্ষমতার দ্বন্দ্বেই তিনি খুন হয়েছেন।

অপর এক ঘটনায় ওয়ার্কসপের মালিক সাঈদ হোসেন, তার ম্যানেজার সাদেক হোসেন এবং অপর কর্মচারী হাসানকে সূত্রাপুর থানার হাটখোলা এলাকায় দুপুরে গুলি করে গুরুতর জখম করে সশস্ত্র সন্ত্রাসীরা।

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাথাড়ি গুলি করে বলে জানিয়েছে পুলিশ ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ওই তিনজন।

এর আগে গত সোমবার রাতে কোতয়ালি থানার তাঁতী বাজার সুইপার কলোনীতে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের মুখোমুখি বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ছয় নেতা-কর্মী।

স্থানীয় বাসিন্দা এবং চাঁদাবাজির শিকার কলোনির বাসিন্দারা জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আসলাম হোসেন জানান, “ঘটনাটির সাথে রাজনৈতিক বিষয় সম্পৃক্ত থাকলেও বিএনপির কেউ জড়িত নয়।”

এক প্রশ্নের জবাবে এসআই বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিজেদের মধ্যে গুলিবিনিময়ের সময়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিএনপি ও যুবদলের ছয় নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সাথে আলাপকালে ডিসি মাহবুব আলম জানান, “ক্ষমতা বদলের এই সন্ধিক্ষণে সুযোগ সন্ধানীরা মাথাচাড়া দিয়ে উঠেছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

তিনি অবশ্য স্বীকার করেন যে রাজনৈতিক প্রতিপক্ষরা এখন মুখোমুখি, সবাই যে যার ফায়দা লুটতে তৎপর।