সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা ‘নির্বাচন কমিশন’: টিআইবি
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশনই (ইসি) হচ্ছে ‘প্রধান বাধা’। বুধবার এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত প্রকাশ করেছেন।
তারা সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রেখে বলেন, প্রতিষ্ঠানটি ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে। এ ছাড়া নির্বাচন কমিশনের জবাবদিহিতা এবং নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে তারা জানান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীতে “নির্বাচন কমিশন: প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয়” শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে। এতে টিআইবি ইসি সংক্রান্ত একটি অনুসন্ধানী জরিপের প্রতিবেদনও প্রকাশ করে। জরিপে নির্বাচন কমিশনের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো সনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভোটার তালিকা তৈরি করতে গিয়ে নির্বাচন কমিশন ৪৩ কোটি টাকা অপচয় করেছে। ভোটার তালিকা ছাপানোর জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে প্রিন্টিং প্রেস নির্বাচন করা হয়েছে। এ ছাড়া ভোটারদের পরিচয় পত্র প্রকল্পের মাধ্যমে অপচয় করা হয়েছে ১৮০ কোটি টাকা এবং ইউএনডিপির ১৬৭ কোটি টাকার প্রকল্পের কোনও বাস্তবসম্মত ফলাফল পরিলক্ষিত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের সাধারণ মানুষের কাছে তাদের কার্যক্রমের ব্যাপারে জবাবদিহিতার জন্য প্রস্তুত করে তোলার ব্যাপারেও সুপারিশ করেছে টিআইবি।
টিআইবির সুপারিশে আরও বলা হয়েছে, “তাদের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক প্রতিবেদন, নির্বাচনী প্রতিবেদন, প্রকল্প প্রতিবেদন সংসদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে তা করা যেতে পারে। প্রতিবেদনগুলো নিয়ে সংসদে আলোচনা এবং জনসমক্ষে প্রকাশ করা উচিত।”
টিআইবির ট্রাস্টি অধ্যাপক খান সারওয়ার মুরশিদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অংশ নেন অধ্যাপক মোজাফফর আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ রউফ, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত, কর্নেল (অব.) ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল এবং স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক দল জানিপপের প্রধান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।
অধ্যাপক খান সারওয়ার মুরশিদ বলেন, দেশ আজ এক গভীর সংকটে এবং দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ থেকে মুক্ত না হলে জনগণ নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাবে।
বিচারপতি এমএ রউফ বলেন, কোনও ব্যক্তিকে নিরপেক্ষ আশা করা যায় না, তবে নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়া অবশ্যই নিরপেক্ষ হতে হবে।
তিনি বলেন, “প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে। সবাই যেহেতু ভোট দেয়। তাই ব্যক্তির নিরপেক্ষতার বিষয়টি পরিষ্কার নয়।”
বর্তমান নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন ড. বদরুল আলম মজুমদার।
“মিথ্যাচার ও জনগণের অর্থের অপব্যবহারের” কারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সিইসি বিচারপতি এমএ আজিজকে অপসারণ করতে পারে বলে মত প্রকাশ করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত।
বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদের ‘রাজা’ বানিয়েছে বলে উল্লেখ করে কর্নেল ফারুক খান বলেন, “বর্তমান পরিস্থিতি কালো টাকার খেলা তৈরি করেছে।”
কেএম হাসান দায়িত্ব নিয়ে অস্বীকৃতি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। কাজেই প্রধান নির্বাচন কমিশনারের অপসারণই সমস্যার সমাধান নয় বলে জানান অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে উপকমিশনার এবং পুলিশ সুপারদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ।”
টিআইবির এই প্রতিবেদনটি প্রস্তুত করেন শাহাজাদা এম আকরাম এবং সাধন কুমার দাস।
