সময়সীমা বাড়বে কিনা জানতে হাসিনার কাছে বিউটেনিস
তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষতা প্রমাণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের আলটিমেটামের সময়সীমা বাড়বে কিনা তা জানতে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বুধবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
ধানমণ্ডির সুধাসদনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিউটেনিস সাংবাদিকদের বলেছেন, তিনি শেখ হাসিনাকে তাঁর সাম্প্রতিক সহিংসতাহীন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি হাসিনাকে বলেছেন, “রাজপথের সহিংসতা থেকে দূরে থাকতে পারলে আবারও তাঁকে ধন্যবাদ জানাবো। তবে আমি জানি, এটা তার দলের পক্ষে খুবই কঠিন।”
বিউটেনিস জানান, তিনি বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে শেখ হাসিনাকে বলেছেন, যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাপারে আন্তরিক, যাতে সহিংসতা ছাড়া সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে।”
তিনি বলেন, সহিংসতা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সম্পর্কে বলতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “উপদেষ্টাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু জানি যে, তারা যোগ্য ব্যক্তি এবং সততার সঙ্গেই কাজ করে যাচ্ছেন।”
বিউটেনিস জানান, তিনি তত্ত্বাবধায়ক সরকারকে চাপ না দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
এদিকে হাসিনার সঙ্গে বিউটেনিসের ঘন্টাব্যাপী বৈঠকে কি কথা হয়েছে তা জানাতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষতা প্রমানে বেঁধে দেওয়া সময় বাড়ানো হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এর জবাবে তারা বলেছেন যে ১১ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতিসহ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা দেখে তার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করব।
জাফরুল্লাহ আরো বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজসহ অন্যান্য নির্বাচন কমিশনার পরিবর্তনসহ নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রেক্ষাপট তুলে ধরেছি।”
