সাংবাদিকদের ওপর রেগে গেলেন বিউটেনিস
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস সাংবাদিকদের ওপর ক্ষেপে গিয়ে বলেছেন, “আপনারা যদি সভ্যভাবে প্রশ্ন করতে না পারেন তবে এটাই হবে বাংলাদেশে সাংবাদিকদের সঙ্গে আমার শেষ কথা।”
সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে কড়া নিরাপত্তা পাহারায় বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় তিনি একথা বলেন।
প্রসঙ্গত তাদের এই বৈঠক সম্পর্কে জানতে কমিশন সচিবালয়ের সিঁড়ির নিচে প্রায় অর্ধশত সাংবাদিক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন।
বৈঠক শেষে তিনি তাদের উপেক্ষা করে বেরিয়ে যেতে চাইলে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে।
এই ঘটনায় বিউটেনিস সাংবাদিকদের ধমকের সুরে দিয়ে বলে উঠেন, “স্টপ পুশিং অ্যান্ড শাউটিং।”
পরে অবশ্য তিনি সিইসির সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
