২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বুলগেরিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক দল পাঠাবে সাবেক সমাজতান্ত্রিক দেশ বুলগেরিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত দ্রাগোভেস্ত গোরান গোরান সোমবার রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে একথা বলেন।

বঙ্গভবনের মুখপাত্র মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, সকালে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করেন ইয়াজউদ্দিন আহম্মেদ। এসময় রাষ্ট্রদূত তাতে সম্মতি দেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রধান বুলগেরিয়ার দূতকে বাংলাদেশ থেকে চামড়া ও ওষুধ আমদানি বাড়ানোরও অনুরোধ করেন।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশে বিশুদ্ধ পানি সরবরাহ, ক্ষুদ্র ঋণ, প্রাথমিক শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সাফল্যের চিত্র তুলে ধরেন। সেইসঙ্গে তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্যও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।