এরশাদের চার দলীয় জোটে যাওয়া পিছিয়ে গেছে
চার দলীয় জোটে এরশাদের জাতীয় পার্টির আনুষ্ঠানিকভাবে যোগদান পিছিয়ে গেছে।
এ ব্যাপারে শনিবার বিকেল ৪টায় বিএনপি চেয়াপারসনের কার্যালয় হাওয়া ভবনে চার দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকের কথা থাকলেও এরশাদ সেখানে উপস্থিত হননি।
ওই সময় বিএনপির স্থায়ী কমিটিরও সভা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।
এরশাদের জাতীয় পার্টির চার দলীয় জোটে যোগ দেওয়া নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার শরীক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।
সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া এরশাদকে চার দলীয় জোটে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় নেতারা বৃহত্তর স্বার্থে জাপা ও জামাতের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর ওপরও গুরুত্বারোপ করেন।
জামাতের মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জানান, তারা এরশাদকে জোটে নেওয়ার বিষয়টি বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে তাদের সম্মতির কথা তাকে জানিয়েছেন। এ ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হবে।
এদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুরও জানান, তারা চার দলীয় জোটে এরশাদের যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।
সূত্র জানায়, এরশাদ আগামী নির্বাচনে চার দলীয় জোট থেকে তার দলের শীর্ষ নেতাদের মনোনয়ন নিশ্চিত করার জন্য গত কয়েক দিন ধরে বিএনপি নীতিনির্ধারকদের সাথে দরকষাকষি করছেন।
চার দলীয় নেতাদের ওই সভায় নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। তাছাড়া কোনো মহলের চাপে নির্বাচন কমিশনের ওপর সংবিধান বর্হিভূত কোনো চাপ না দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হয়।
পরে খালেদা জিয়া চার দলীয় জোটের আহত নেতা-কর্মীদের দেখতে নগরীর ধানমন্ডিতে ইবনে সিনা ক্লিনিক এবং শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, বিজেপির ডা. এমএ মতিন, এবিএম গোলাম মোস্তফা এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী। এছাড়া বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম শামসুল ইসলাম।
