২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদলের প্রস্তুতি চলছে

অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক রদবদলের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রোববার প্রশাসনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের চুক্তি বাতিলের পর মাঠ প্রশাসনে রদবদল শুরু হবে বলে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

এর অংশ হিসেবে সরকারি ছুটির দিন শনিবারও সংস্থাপন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা প্রস্তুতের কাজ চলেছে।

সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) শাখা থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে।

দেশের প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ স্বাস্থ্য খাতে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তার সংখ্যা বর্তমানে দুশর বেশি। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক হিসেবেই রয়েছেন প্রায় ১৫০ জন। এছাড়া হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসেবে নিয়োজিত রয়েছেন বেশ কিছু কর্মকর্তা।

এর বাইরে তিন সচিবসহ প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রায় অর্ধশত কর্মকর্তার একটি তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র বিভিন্ন কারিগরি পদে নিযুক্ত কর্মকর্তা ছাড়াও অন্যদের চুক্তি বাতিলের বিষয়টি শিগগিরই বিবেচনায় আনা হবে বলে সংস্থাপন সচিব সাংবাদিকদের জানান।

তিনি জানান, টেকনিক্যাল পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের বিকল্প পাওয়া গেলে তাদের চুক্তিও বাতিল করার বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার বিবেচনায় আনবে। এক্ষেত্রে তাদের সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে।

রোববারই চুক্তিভিত্তিক কর্মকর্তাদের তালিকা ও সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করা হবে।

এদিকে শনিবার সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয় থেকে বিগত সরকারের শেষ সময়ে তৈরি করা দুটি সম্ভাব্য যোগ্য জেলা প্রশাসক (ডিসি ফিট লিস্ট) তালিকা পর্যালোচনা করা হয়।

এছাড়াও বিভিন্ন সময়ে ফিট লিস্টে অন্তর্ভুক্তির জন্য আমন্ত্রিত, আমন্ত্রিত হয়েও তালিকাভুক্ত না হওয়া এবং আমন্ত্রণ না পাওয়া চৌকষ, দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে থেকেই আরও একটি ফিট লিস্ট তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এক্ষেত্রে বিভিন্ন সময়ে যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিসহ পদায়নের বিষয়টিও গুরুত্বে সাথে বিবেচনা করছে তত্ত্বাবধায়ক সরকার।

এছাড়া নির্বাচনের আগে মাঠ প্রশাসনে বিগত সরকারের নিযুক্ত কর্মকর্তাদের সরিয়ে চৌকষ, দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ করে মাঠ প্রশাসনকে প্রভাবমুক্ত করার প্রস্তুতিও চলছে।

এজন্য মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার পদেও ব্যাপক রদবদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব পদে নিয়োগের জন্য সম্ভাব্য কর্মকর্তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

সোলায়মান চৌধুরী আরও জানান, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সুস্পষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে শনিবার ছুটির দিনও অফিস খোলা রেখে এসব তালিকা তৈরির কাজ চলছে।

তিনি জানান, আগামী তিন থেকে চারদিনের মধ্যে এ তালিকা চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার দপ্তরে উপস্থাপন করা সম্ভব হবে। এরপর প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী মাঠ প্রশাসনের রদবদল শুরু হবে।