কুষ্টিয়ায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
গুলিতে আহত মিরপুরের সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৪৭) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন শনিবার দুপুর ১টায়।
গত ২৮ অক্টোবর মিরপুরে আওয়ামী লীগের মিছিলে সন্ত্রাসীরা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দু’জনে দাঁড়ালো ।
এদিকে প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান এবং সন্ত্রাসীদের গডফাদার সাবেক সাংসদ শহীদুল ইসলামকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। উপস্থিত ছিলেন খন্দকার জুলফিকার আলী আরজু, চৌধুরী মুর্শেদ আলম, নাসির উদ্দিন আহম্মেদ, তাইজাল আলী খান প্রমুখ।
