২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েই সুলতানা ও শফি সুধা সদনে যান: মাহবুবুল আলম

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েই দুই উপদেষ্টা সুলতানা কামাল ও সি এম শফি সামি বিরোধী দলের নেত্রীর বাড়িতে গিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহবুবুল আলম শনিবার সন্ধ্যায় বলেন, এ বিষয়ে অন্য দুই উপদেষ্টার বক্তব্য সম্পূর্ণ সঠিক। আরেক উপদেষ্টা সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী বলেন এ বিষয়ে মাহবুবুল আলমের বক্তব্যই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাগণের কথা।

সুলতানা কামাল ও সিএম শফি সামি বৃহষ্পতিবার রাতে শেখ হাসিনার বাসায় গিয়েছেন বলে চার দলীয় জোটের পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি ওঠে। সুলতানা কামাল ও শফি সামি অবশ্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা রাষ্ট্রপতির সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তেই তারা শেখ হাসিনার বাসভবনে যান।

মাহবুবুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “দুই উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন যে, কেন তারা শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। এরপর আর কিইবা বলার থাকে”?

বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া শনিবারও দুই উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। অবিশ্বাসের এ রাজনীতিক পরিমণ্ডলের উল্লেখ করে মাহবুবুল আলমের মতামত জানতে চাওয়া হয়। প্রবীণ এ সাংবাদিক বলেন, “আমরা আগামিকাল পুরো বিষয়টি দেখবো যে মান্নান ভূঁইয়া কী বলেছেন? তারপর আপনাদের জানাবো”।

হাসান মশহুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে শনিবার জানান, “তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা নিজেদের মধ্যে বৈঠকে ঠিক করেছেন রাষ্ট্রপতির সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানাবেন মাহবুবুল আলম। এ বিষয়ে তিনিই আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন। তাহলে আর কোনোরকম মতভিন্নতা সৃষ্টির সুযোগ থাকবে না”।