২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে বিএনপির দাবি

দলীয় অবস্থান ও সরকারি প্রটোকল ছাড়া ধানমণ্ডির সুধা সদনে গিয়ে বৈঠক করার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

উল্লেখ্য, দুই উপদেষ্টা সুলতানা কামাল ও সিএম শফি সামি বৃহস্পতিবার রাতে সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘দুই উপদেষ্টা সুধা সদনে নেত্রীর বাসভবনে গিয়ে নিরপেক্ষতা ক্ষুণœœ করেছেন। সরকারি প্রটোকল ব্যবহার না করে পতাকাবিহীন গাড়িতে করে ওখানে যাওয়ায় উপদেষ্টা দুজন গর্হিত কাজ করেছেন। আমরা রাষ্ট্রপতিকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।’

অপর এক প্রশ্নের তিনি জানান, ‘দুই উপদেষ্টা কিভাবে গেছেন, তা বড় কথা নয়। তারা গর্হিত কাজ করেছেন। তাদের উচিৎ নিজেরাই পদত্যাগ করা।’

রাষ্ট্রপতি ব্যবস্থা না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নইলে আমরাও কর্মসূচির কথা বিবেচনা করবো।’

একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাঁর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবেন।

মান্নান ভূঁইয়া উপদেষ্টা সুলতানা কামাল সম্পর্কে অভিযোগ করেন, ‘উনি ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যমঞ্চের মতো একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টই হচ্ছে উপদেষ্টাগণ হবেন দলীয় প্রভাবমুক্ত ব্যক্তি।’

ডা. সুফিয়া রহমানের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে মান্নান ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের অপসারণের দাবি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, ‘কোনো মন্তব্যের জন্য পদত্যাগ দাবি করাটা ঠিক নয়।’

বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে সংবিধান অনুযায়ী চলার পরামর্শ দিয়ে বলেন, ‘কারও হুমকি-ধামকিতে বিচলিত না হয়ে সংবিধান অনুযায়ী কাজ করুন। ওদের হুমকিতে ভয় পেলে আমরাও দেশের বৃহত্তম দল হিসেবে কর্মসূচি দিতে বাধ্য হবো।’

নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কিভাবে ঢেলে সাজাতে হবে, তা সংবিধানেই বলা আছে। সংবিধানে আছে, কমিশনের কাউকে পদত্যাগ করতে উপদেষ্টা পরিষদের অনুরোধ জানানো উচিৎ নয়। উপদেষ্টা পরিষদের কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।’

ড. খন্দকার মোশাররফ হোসেন সংবিধানের ১১৮ ও ১১৯ অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশনের কাউকে পদত্যাগ করার কোনো অনুরোধ অথবা সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ নিতে পারেন না। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমদ, ব্যারিস্টার আমীনুল হক, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।