২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর ইসলামী জোট গঠনের উদ্যোগ নিয়েছে আহলে হাদিস

বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি ইসলামী দল একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের পরিকল্পনা করছে। এক্ষেত্রে জামাতে ইসলামী এবং কিছুটা হলেও বিএনপির প্রতি কম-বেশি ঘৃণার বিষয়টি তাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করছে। ইসলামী দলগুলোর এ উদ্যোগ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক আবু সুফিয়ান।

আবু সুফিয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ছোট ছোট ইসলামী দলগুলো নিয়ে নির্বাচনকেন্দ্রিক বৃহত্তর ইসলামী জোট গঠনের উদ্যোগ নিয়েছে জঙ্গি আন্দোলনের আধ্যাত্মিক নেতা আসাদুল্লাহ গালিব এর প্রতিষ্ঠিত সংগঠন আহলে হাদিস আন্দোলন।

দলের যুব সংঘের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে একথা বলেন।

ওয়াদুদ বলেন, মওলানা ফজলুল করীমের (চরমোনাইর পীর) নেতৃত্বাধীন ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ এবং মওলানা আহমদউল্লাহ আশ্রাফের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলনের নেতাদের সাথে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন আহলে হাদিসের প্রচার সম্পাদক মওলানা আবদুল লতিফ।

‘ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ইজহারুল হক ও মিসবাহুর রহমানকেও জোটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে,’ ওয়াদুদ বলেন।

ইসলামী ঐক্যজোটের একটি অংশের নেতা মুফতি ইজহারুল হক অনেক আগেই চারদলীয় জোট ত্যাগ করে ১৪ দলের আন্দোলনের প্রতি সমর্থন জানান।

চৌদ্দ দলের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসলামী ঐক্যজোটের অপর একটি অংশের নেতা মিসবাহুর রহমানও।

জোটের অপর প্রভাবশালী নেতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ইতোমধ্যে তার দল নিয়ে নবগঠিত রাজনৈতিক দল এলডিপির সাথে জোট বেঁধে আগামী নির্বাচনে অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে দেনদরবার শুরু করেছেন।

গত ঈদে চাঁদ দেখা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামাতের সাথে টানাপড়েন শুরু হলেও আরেক শরিক মুফতি আমিনী জোট ত্যাগের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেননি।

ওয়াদুদ বলেন, ‘আহলে হাদিস বা ইনসাফ পার্টির পক্ষ থেকে আমরা সব ইসলামী দলের সাথে যোগাযোগের চেষ্টা করছি। আমরা চাই ছোট-বড় সব ইসলামী দল আগামী নির্বাচনে এক ব্যানারে নির্বাচন করুক’।

ওয়াদুদ আরও বলেন, আহলে হাদিসের প্রচার সম্পাদক মওলানা আবদুল লতিফ ইতোমধ্যে ইসলামী শাসনতন্ত্র নেতা অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন এবং খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুল হকের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছেন।

গত ১ সেপ্টেম্বর কারারুদ্ধ ড. আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বাধীন আহলে হাদিস সংগঠন ইনসাফ পার্টি নামে নতুন ইসলামী রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।

ইনসাফ পার্টির ব্যানারে আহলে হাদিস সারাদেশে এককভাবে ৬০টি আসনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বৃহত্তর জোটের প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টি চূড়ান্ত হয়নি।

আহলে হাদিসের ধর্মীয় গুরু ও আমীর ড. গালিবকে দেশব্যাপী বোমা হামলার অভিযোগে গত বছরের ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক, ডাকাতি ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১২টি মামলা দায়ের করা হলেও ইতোমধ্যে আটটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।