২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিএনপি সমর্থকদের হামলায় আহত ২০

শহরের শালবন, গড়গজ্যাছড়ি এবং পানছড়ি, দিঘীনালা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে বিএনপি সমর্থকদের হামলায় ১৪ দলের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি সমর্থকরা রাতে জেলা শহরের শালবন এলাকায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নূর হোসেন, জেলা কৃষক লীগের উপদেষ্টা ডা. সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার এবং যুবলীগ নেতা নূর উদ্দিনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

এ সময় বিএনপি কর্মীরা ছাত্রলীগ নেতা জিসানের (১৭) মুখমন্ডল সিগারেটের আগুনে ঝলসে দেয়।

হামলায় গিয়াস উদ্দিন (৬৫), ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম (২০), জিসান, ডা. সফিকুর রহমান (৬৫), নুর হোসেন (৪০), যুবলীগ নেতা নুর উদ্দিন (২৫) এবং কৃষক লীগ নেতা ফিরোজ সরকারসহ (৪৫) আরো ১৩ জন নেতাকর্মী আহত হন।

হামলার প্রতিবাদে আজ বিকেলে জেলা যুবলীগ ও ছাত্রলীগ শহরে বিক্ষোভ-সমাবেশ করেছে। জেলা ছাত্রলীগ সভাপতি মংশেপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রশান্ত ত্রিপুরা, মনির আহমেদ এবং যুবলীগ নেতা যতিন কুমার ত্রিপুরা প্রমূখ।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল আলম বুধবার এক বিবৃতিতে অভিযোগ করেছেন, বিএনপি-জামাত জোটের গডফাদার ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তিনি এসব হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও দাবি জানান।