২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে শপথ নিলেন ১০ উপদেষ্টা

দিনভর গুজব-অনিশ্চয়তা এবং নতুন ও নতুনতর সময়সূচি ও তালিকা প্রণয়নের মধ্য দিয়ে অবশেষে রাত সাড়ে ১০টায় শপথ নিলেন তত্ত্বাবধায়ক সরকারের ১০ উপদেষ্টা।  তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের গুরু দায়িত্ব নিয়ে যারা শপথ নিয়েছেন তারা হলেন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুফিয়া রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আজিজুল হক, সাবেক মন্ত্রি পরিষদ সচিব ড. আকবর আলী খান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুল হক, স্কলাস্িটকা স্কুলের চেয়ারপারসন  ইয়াসমীন  মুরশিদ, সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব সিএম শফি সামি।

প্রথমে বিকেল চারটায় শপথ পরিচালিত হবে বলে বঙ্গভবনকে বলে দেওয়া হয়। এরপর কয়েক দফায় সময়টি পিছিয়ে রাত সাড়ে ১০টায় উপদেষ্টারা শপথ নেন।

এর আগে মঙ্গলবার সকাল থেকে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল উপদেষ্টা পদে নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে তাদের তালিকা দেয়। নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা পড়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বঙ্গভবন বিপাকে পড়ে। প্রস্তাবিত নামের তালিকা থেকে বাছাই শেষে যাদের চূড়ান্ত করা হয়, তাদের সম্পর্কে তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়। তাদের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শপথের সময় নির্ধারণে বিলম্ব ঘটে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স কে জানান, উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের আগে কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেজন্য এ বিলম্ব ঘটেছে।

মঙ্গলবার সারাদিন উপদেষ্টাদের নাম নিয়ে বিভিন্ন আলোচনা বা গুজব শোনা যেতে থাকে। দুই প্রধান দলের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে নফহবংি২৪.পড়স এর তৈরি করা তালিকাতেও আসে পরিবর্তন। চার দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাবিত দুই উপদেষ্টা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। এর পরে উপদেষ্টাদের নতুন তালিকা করে তাদের মতামত নেওয়া হয়। 

এদিকে বঙ্গভবন সূত্র জানিয়েছে, বিএনপির দেওয়া তালিকায় বারিস্টার মইনুল হোসেন এবং অধ্যাপক ওয়াদিউদ্দিন মাহমুদের নাম থাকলেও উপদেষ্টা হিসেবে শপথ নিতে তারা রাজি হননি।

তবে বঙ্গভবন থেকে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বলে একরকম বিপদেই পড়ে। দফায় দফায় সময় পরিবর্তনের কারণে রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলটিকে ‘ফিলার’ হিসেবে নিরলসভাবে কখনো ছায়াছবির গান, কখনো দেশাত্মবোধক গান, কখনো বা বিনোদনমূলক পুরনো অনুষ্ঠান দেখিয়ে যেতে হয়েছে।