প্রশাসনের উচ্চপর্যায়ে আবার বদল, ইসমাইল জবিউল্লাহ রাষ্ট্রপতির সচিবালয়ে
একবেলার মধ্যেই প্রশাসনের উচ্চপর্যায়ে আবারও রদবদল করা হল। সোমবার রাতে বদলি করা কর্মকর্তাদের চারজনের দপ্তর মঙ্গলবার দুপুরে আবার পুনর্বন্টন করা হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ে নিযুক্ত সচিব রফিকুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে নিয়োগ করা হয়েছে।
ইআরডি সচিব ইসমাইল জবিউল্লাহকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদ থেকে বদিউর রহমানকে সরিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব করা হয়েছে।
সোমবার রাতেই আইএমইডি তে নিয়োগ পাওয়া আনহ আখতার হোসেন বিদ্যুৎ বিভাগের সচিব পদে ফিরে গেছেন।
ওএসডি কর্মকর্তা আকরাম হোসেনকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রফিকুল ইসলামকে দেড়দিনের মধ্যে চারবার নতুন নিয়োগ দেওয়া হলো। রফিকুল ইসলামের এ বদলি প্রক্রিয়া শুরু হয়েছিল রোববার। সেদিন দুপুরে আইএমইডি থেকে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পদে বদলি করা হয়। রোববার রাতেই আইএমইডিতে ফিরিয়ে নেওয়া হয় রফিকুল ইসলামকে। সোমবার রাতে আবার তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে বদলি করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে তাকে আবারো অর্থনৈতিক বিভাগের সচিব পদে বদলি করা হল।
প্রশাসনে রদবদল করার প্রথম পদক্ষেপ হিসেবে সোমবার রাতে তত্ত্বাবধায়ক সরকার চুক্তিভিত্তিক ৯ সচিবের চুক্তি বাতিল করে।
