২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে সংঘর্ষ অব্যাহত

লাগাতার অবরোধের দ্বিতীয় দিন রোববারেও দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী --সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে সহস্রাধিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা একে--অপরের অফিস, বাসভবন ও প্রচুরসংখ্যক যানবাহন ভাংচুর করে।  প্রতিনিধিদের পাঠানো খবর :

ময়মনসিংহে রোববার বিকেলে ১৪ দল ও ৪ দলীয় জোটের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া - পাল্টা ধাওয়া, ইট --পাটকেল ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছে শতাধিক ।

বিকাল পৌনে ৫টায় ৪ দলীয় জোট জেলা বিএনপি কার্যালয় থেকে ও ১৪ দল গাঙ্গিনাড় পাড় মোড় থেকে মিছিল বের করে। মিছিল দুটি বিদ্যাময়ী স্কুলের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের ইট পাটকেল নিক্ষেপের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইটের আঘাতে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। ইট ও লাঠির আঘাতে এটিএন বাংলার সাংবাদিক, চ্যানেল আই প্রতিনিধি, জনকণ্ঠের সাংবাদিক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকনসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

শহরে র‌্যাব ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।

নওগাঁর সাপাহারে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনায় সাপাহার আ.লীগ অফিসসহ সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সদরে আ. লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১৮ ব্যক্তি আহত হয়। পুলিশ জানায়, শনিবারের সংঘর্ষের জের ধরেই সকাল ১১টার দিকে আ.লীগ নেতা মোফাজ্জল মাঝিকে (৩৫) বিএনপি কর্মীরা বেদম মারধর করে। তাকে মূমুর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষ চলাকালে উভয় দলের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গীবাড়ী সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত দুদিন ধরে কালিয়া উপজেলায় আ.লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। রোববার উভয় দলই মিছিল, সভা, সমাবেশ কর্মসুচী ঘোষণা করলে স্থানীয় প্রশাসন কালিয়া পৌরসভার মধ্যে সকল প্রকার মিছিল, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। কালিয়া পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

এদিকে সকালে জেলার লোহাগাড়া উপজেলার মালনগরে আ.লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে ৪ জন আহত হয়।

গাইবান্ধা জেলা সদরসহ ৭টি উপজেলাতে ১৪ দলের ডাকে রবিবার সর্বাত্মক অবরোধ পালিত হয়। ট্রেনসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। সাদুল্যাপুর উপজেলায় ১৪ দলের সাথে জামায়াত শিবিরের মিছিল মুখোমুখি হলে উভয়পক্ষে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ জামায়াত নেতাকর্মী আহত হয়। ১৪ দলের নেতাকর্মীরা মিছিল সহকারে জামায়াত অফিসে গিয়ে হামলা চালায় এবং অগ্নি সংযোগ করে আসবাবপত্র ও ১টি মটর সাইকেল পুড়িয়ে দেয়।

ফুলছড়ি উপজেলায় ১৪ দলের নেতাকর্মীরা ব্যাংক বীমাসহ সকল সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং নৌকা দিয়ে ব্যারিকেড দিয়ে বালাসী ফেরীঘাটে ওয়াগানবাহী ফেরী চলাচল বন্ধ করে দেয়।

এদিকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে লাঠি ও ব্যানার ফেস্টুন নিয়ে একটি জঙ্গী মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে একই মাঠের দখল নিয়ে ৪ দলীয় জোট ও ১৪ দল মুখোমুখি অবস্থান নেয়ায় অবরোধের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌর এলাকায় স্থানীয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিডিআর শহরে টহল দিচ্ছে।

কুমিল্লায় জেলা আওয়ামীলীগের বহি®কৃত নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান আ ক ম বাহাউদ্দিন বাহারের ডাকে রোববার শান্তিপূর্ণভাবে সকাল--সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

এদিকে ১৪ দলের ডাকা অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে কোনও বাস ছেড়ে যায়নি। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ও উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সতর্কতামূলক উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

ভোর সাড়ে ৪টায় জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়ায় অবস্থিত বিএনপির একটি অফিস ১৪ দলের নেতা কর্মীরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা জেলা শহরে ঢিলেঢালা অবরোধ পালিত হয়েছে। অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে ১৪ দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী বৈঠা --লগিসহ অবস্থান নিয়েছিল। বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ১৪ দলের একটি মিছিল অবরোধ পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে বিএনপি জামাত জোট ব্যাপক শক্তির মহড়া নিয়ে মিলিত হয় নিউমার্কেট চত্বরে। বিকাল ৩টায় শহরের নিউমার্কেট চত্বরে ৪ দলীয় জোট সমাবেশ করে।

এদিকে শ্যামনগর উপজেলা সদরে শিশুপার্ক এলাকায় স্থানীয় প্রশাসন কোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে রবিবার ১৪৪ ধারা জারি করায় আওয়ামী লীগ তাদের নির্ধারিত সমাবেশ করতে পারেনি।

কলারোয়া উপজেলায় ১৪ দলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি অফিস, ৪ দলীয় জোটের মঞ্চ, বিএনপি কর্মী মোমিনের দোকান ও চারটি মাইক ভেঙ্গে দেয়।

শনিবার রাতে শ্যামনগরের বংশীপুরে আওয়ামী লীগ সমর্থক ও কর্মীদের কয়েকটি দোকান ভাংচুর করে বিএনপি জামায়াত জোট। রাতে শ্যামনগর উপজেলা বিএনপি অফিস আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়।

রাজবাড়ীতে রোববার দ্বিতীয় দিনের মত ১৪ দল ৩টি পয়েন্টে সড়ক অবরোধ কর্মসুচী পালন করে। অবরোধ চলাকালে জেলা শহর থেকে দুরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। এ ছাড়া দৌলতদিয়া --পাটুরিয়া নৌপথে যাত্রীবাহী কোন লঞ্চ চলাচল না করায় ফেরীঘাট মূলত অচল ছিল।

তবে দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন পথচারীসহ পাঁচজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর প্রতিবাদে বেলা আড়াইটায় ও সাড়ে পাঁচটায় বিএনপি দুবার বিক্ষোভ মিছিল বের করে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরে বিকেলে ১৪ দল ও বিএনপি পৃথক পৃথক স্থানে সমাবেশ ও মিছিল করেছে। শহরের শান্তি --শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ১৪ দলের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামে রোববার সন্ধ্যায় বিএনপির একদল উচ্ছৃংখল কর্মী সমর্থক আওয়ামী লীগ সমর্থিত কয়েকটি বাড়িতে লুটপাট এবং তিনটি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মাগরিবের নামাজের কিছু আগে বেড়া উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে একদল বিএনপি কর্মী মিছিল করে কৈটোলা গ্রামের আওয়ামী লীগ সমর্থিতদের ২০/২৫ টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

এ সময় তারা আনসার, ফুলসহ তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে মহিলাসহ অন্তত: ১০ জন আহত হয়।