২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে আ. লীগ--বিএনপি সংঘর্ষ অব্যাহত

বরিশাল, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, হামলা, ভাংচুর রোববারও অব্যাহত আছে। সাতক্ষীরার শ্যামনগরে রোববার বিকেলে চারদলীয় জোট ও ১৪ দলের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 02:54 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বরিশাল প্রতিনিধি জানান, বানারীপাড়া উপজেলায় রোববার আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী গুলি বর্ষণের ঘটনায় দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন বানারীপাড়া ছাত্রদলের ক্যাডার শিপলু মীর এবং মনির মল্লিক। এদের মধ্যে শিপলুর অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা দুপুর পৌনে ১২ টায় একটি মিছিল নিয়ে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স অতিক্রম করার সময় বিএনপির ক্যাডাররা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলা থেকে মিছিলে গুলিবর্ষণ করে। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীরা পাল্টা গুলি বর্ষণ ও ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ করলে দুই ব্যক্তি আহত হন।

আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর ফকিরবাড়ী রোডে জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে রোববার দুপুরের দিকে জামায়াত--বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় ও অগ্নিসংযোগ করে।

জেলার হিজলার উপজেলার বড়জালিয়া ইউনিয়নে রোববার বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষে  ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ১১ টা থেকে ভূমি অফিসের সামনে ঘন্টাব্যাপী দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরন হয়েছে বলেও তারা জানান।

এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির সাংসদ মোশাররফ হোসেন মঙ্গু গ্র“প কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ্এ্যাড. জয়নাল আবেদীন গ্র“পকে দায়ী করেছে।

পাবনা প্রতিনিধি জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবনা শহরে ও বিএনপি সুজানগরে মিছিল সমাবেশ করেছে। পৌনে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল হক টুকু ও সহ সভাপতি এম সইদুল হক চুন্নুর নেতৃত্বে মিছিল বের হয়। পরে শহরের ইন্দিরাপট্টিতে এক সমাবেশ করে। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল আওয়ামী লীগের অফিসের দিকে যেতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় ১০জন আহত হয় ও দোকানপাট বন্ধ হয়ে যায়। দুপুরে পাকশীতে ১৪ দলের নেতাকর্মীরা বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। একই সময়ে পাকশী জামায়াতের অফিসও ভাংচুর করা হয়। রোববারও কোন দূরপাল্লার যানবাহন চলাচল করেনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলা শহরে দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিডিআর টহল দিচ্ছে। শহরের অধিকাংশ দোকানপাটই বন্ধ। এদিকে জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহকে বোমা মেরে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে প্রধান আসামী করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩৯জন নেতাকর্মীর বিরুদ্ধে রোববার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি জানান, জেলার সব জায়গায় অবরোধ কর্মসূচি অভ্যাহত রয়েছে। রোববার সকালে ১৪ দলের নেতাকর্মীরা ঢাকা--সিলেট মহাসড়কের শাহে প্রতাপ এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। কয়েকটি স্থানে বিএনপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে বেলাব, ভৈরব ও বাজিতপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ উপজেলাতেও দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, শ্যামনগর উপজেলা সদরের দৃষ্টিনন্দন পার্কে একই সময়ে চারদলীয় জোট ও ১৪ দল রোববার বিকেলে সমাবেশের ডাক দেওয়ায় স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। শ্যামনগর থানা ও ইউএনও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ আদেশ জারি করা হয়। ইউএনও জাহিদুল ইসলাম জানান, ১৪ দল চার দলের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যামনগর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।