নোয়াখালীতে আ. লীগ ও বিএনপির সংঘর্ষে ৪ নিহত
দ্বীপ উপজেলা হাতিয়ায় শনিবার রাতে ও রোববার সকালে আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাত ১১টায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগের নিঝুম দ্বীপ ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে নিঝুম দ্বীপের বন্দর টিলার আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা স্থানীয় বিএনপি নেতা হেঞ্জু বাতাইন্নাকে (৪৫) পিটিয়ে হত্যা করে।
এদিকে রোববার সকাল ১১টায় হাতিয়া উপজেলার চরঈশ্বর ব্রিক ফিল্ড বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের সময় মোটর সাইকেলে করে যাওয়ার পথে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুল হক (৪০) নিহত হয়েছে। এ ছাড়া নিঝুম দ্বীপের সংঘর্ষে গুরুতর আহত নোমান (২৮) হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা গেছেন।
এসব সংঘর্ষে উভয়পক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন। আহত আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল থেকেও নোয়াখালী জেলা শহরে দফায় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ইউসিবিএল ও কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে ভাংচুর হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
