২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিয় মাতৃভূমির স্বার্থের কথা ভেবে’ সিদ্ধান্ত নিলেন হাসান

“জীবনে কোনো দায়িত্ব পালনে পিছু না হটলেও” রাজনৈতিক অচলাবস্থা এড়াতে প্রধান উপদেষ্টার পথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি কে এম হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শনিবার রাষ্ট্রপতিকে লেখা এক চিঠিতে নিজের অপারগতার কথা জানিয়ে দেন সাবেক প্রধান বিচারপতি হাসান। সেই চিঠিরই একটি অনুলিপি হাসানের ধানমণ্ডির বাসায় তত্ত্বাবধায়কের কাছ থেকে সংগ্রহ করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রফিক জামান।

বিচারপতি হাসান সেখানে বলেছেন, “চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় বাধা না হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি মনে করি, চলমান রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিবন্ধক না হয়ে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে আমার সরে দাঁড়ানো উচিত। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে। আজ এ সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি কোন বিশেষমহল বা ব্যক্তিবিশেষের দ্বারা প্রভাবিত না হয়ে, বরং আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও এদেশের নাগরিকদের স্বার্থের কথা ভেবে।”

দায়িত্বপালনে নিজের নিষ্ঠার কথা বলতে গয়ে হাসান বলেছেন: “আমি আমার কর্মজীবনে সামর্থ্যরে সবটুকু দিয়ে এদেশ এবং দেশের মানুষের সেবা করার চেষ্টায় নিয়োজিত ছিলাম। সমগ্র জীবনে কোনো দায়িত্ব পালনে আমি কখনই পিছু হটিনি। কিন্তু বর্তমানে আমি সকল পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করেছি। সকল সম্ভাবনা ও আশংকাগুলো বিবেচনায় এনেছি এবং শেষ অবধি যে সিদ্ধান্ত নিয়েছি, তা গ্রহণ করা কখনই আমার জন্যে সহজ ছিলো না।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও দ্বন্দ্বের কথা উল্লেখ করে হাসান বলেন, “রাজনৈতিক দলগুলোর মাঝে বিরাজমান অবিশ্বাস ও দ্বন্দ্বের কারনে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয় একটি নাজুক অবস্থায় উপনীত হয়েছে।”

দুই দলের সংলাপের ব্যর্থতা প্রসংগে হাসান বলেন, “প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠিত সংলাপের একটি ফলপ্রসু পরিণতি সমগ্র জাতির সাথে আমিও প্রত্যাশা করছিলাম। সংলাপ ভেঙ্গে যাওয়ার বিষয়টি তাই আমার বর্তমান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে।”

রাষ্ট্রপতিকে লেখা চিঠির শুরুতেই তিনি বলেন, “সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার পালনের কথা ছিল, দুঃখজনক হলেও সত্যি- আজ তা প্রশ্নের সম্মুখীন। এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুর্ভাগ্যজনক যে, পরিস্থিতি এমন জটিল অবস্থায় পৌঁছে গেছে যখন রাজনৈতিক দলসমূহ তাদের মাঝে বিদ্যমান বিভেদগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারছেন না। তারপরও জাতীয় স্বার্থের কথা চিন্তা করেই সাংবিধানিকভাবে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে সম্মত ছিলাম। কিন্তুআমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজনৈতিক প্রক্রিয়াকে সাবলীল রাখার জন্য। আমি জানি, আমার এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া হবে। অনেকেই একে স্বাগতঃ জানাবেন, কেউ বা হয়তো নাখোশ হবেন। আমি উভয়পক্ষকে দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, কারও ভালো লাগা বা না লাগার কথা চিন্তা করে নয়, বরং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার অভিপ্রায় আমাকে উদ্বুদ্ধ করেছে এমন সিদ্ধান্ত গ্রহণে।”

“সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে অনুরোধ জানাবো, যেন তাঁরা তাঁদের রাজনৈতিক মতপার্থক্য থেকে দূরে সরে এসে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানে সহায়তা করবেন-যা জনগণের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন হয়ে থাকবে।”