২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমগ্র দেশ থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন, প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে চট্টগ্রামে শনিবার বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর গাড়িতে হামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নিজ নির্বাচনী এলাকা বাঁশখালী থেকে চট্টগ্রাম আসার পথে প্রতিমন্ত্রীর গাড়ি হামলার শিকার হয়। এসময় বিরোধী দলীয় কর্মীরা তাকে লাঞ্চিতও করে বলে জানা গেছে।

সূত্র জানায়, পিএবি সড়কের মইজারটেকে প্রতিমন্ত্রীর গাড়ি ওপড় এই হামলা চালানো হয়।  বিরোধী দলীয় সমর্থকরা মন্ত্রীর গাড়িবহরের গতিরোধ করে ইট--পাটকেল নিক্ষেপ করে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে যায়। অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় তাঁকে।

এসময় গাড়ির চালক ক্ষতিগ্রস্থ গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সময় সঙ্গে থাকা মন্ত্রীর এক ঘনিষ্ঠ সহযোগী ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কোন কিছু জানাতে অস্বীকৃতি জানান।

এই ঘটনা ছাড়া অবরোধ কর্মসূচির সময় জেলার অন্য কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে কর্মসূচির সময় বিরোধী দলের নেতা--কর্মীরা চট্টগ্রাম--ঢাকা এবং চট্টগ্রাম--কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করলে দেশের অবশিষ্ট অংশের সাথে চট্টগ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।   

নগরীর অলংকার সিনেমা হলের কাছে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে শত শত নেতা--কর্মী বন্দর সংযোগ সড়ক অবরোধ করলে চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহণ বন্ধ হয়ে যায়।

কর্মসূচি চলাকালে অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিলো। শুধুমাত্র হাতেগোনা কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করেছে। নগরীতে যানবাহন চলাচল একেবারে কমে যাওয়ায় অবরোধ কর্মসূচি কার্যত হরতালে রুপ নেয়।

তবে রেলওয়ে সূত্র জানায়, বিভিন্ন গন্তব্যের নির্ধারিত সব ট্রেনই যথাসময়ে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করেছে।

এদিকে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষ বিমানবন্দর, তিনটি জ্বালানি স্থাপনা :পদ্মা, মেঘনা ও যমুনা, বাংলাদেশ বেতার ও বিটিভির চট্টগ্রাম কেন্দ্র, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ সবগুলো গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।