২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেরি না করে প্রধান উপদেষ্টা নিয়োগ করুন: হাসিনা

আর দেরি না করে সংবিধানসম্মতভাবে  তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 11:40 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বিরোধী দলীয় নেত্রী তার ধানমন্ডির বাসভবন সূধা সদনে সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। দেরি না করে এখনই যদি অন্তবর্তীকালীন প্রশাসন নিয়োগ করা হয় তাহলে দেশেরই মঙ্গল হবে।

হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নেওয়া হবে না। তিনি প্রশ্ন করেন, তিনি কেন সে দায়িত্ব নেবেন? তিনি অন্য কাউকে সেই দায়িত্ব দেবেন।

দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

১৪ দলীয় বিরোধী জোটের বৈঠকের পর আওয়ামী লীগ সভানেত্রী সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সংবিধান মেনে চলতে চাই। তবে বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে আমরা কোন নাম প্রস্তাব করবো না।”

তিনি আরো বলেন, কেএম হাসান দায়িত্ব নিতে অস্বীকার করায় রাষ্টপতির এখন সাংবিধানিক দিক নির্দেশনা মেনে চলার প্রয়োজন রয়েছে।

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের সাথে শনিবার বিকেলে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি সম্ভব হয় আজ (শনিবার) রাতেই বা রোববার তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেওয়া উচিত।

কেএম হাসান দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানো সত্তেও তার দল কেন অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে, এই প্রশ্নের জবাবে হাসিনা বলেন, হাসান অসম্মতি জানানোর পরপর রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারতেন।

তিনি বলেন, কেএম হাসানের বিরুদ্ধে আন্দোলনে জনগণের জয় হয়েছে। একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন না করা পর্যন্ত আন্দোলন চলবে। 

আওয়ামী লীগ সভানেত্রী সরকারি কর্মকর্তা--কর্মচারী, আইন প্রয়োগকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কোন দলের এজেন্ট না হয়ে জনগণের সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।

হাসিনা বলেন,জনগণকে আঘাত নয় রক্ষা করাই আপনাদের দায়িত্ব। কোন হুমকির মুখে মাথা নত করবেন না। কোন অবৈধ নির্দেশে জনগণের বিরুদ্ধে দাড়াবেন না।